বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৬তম জন্মজয়ন্তী ছিল মঙ্গলবার। কেক কেটে এদিন উদযাপন করে তারেক মাসুদ ফিল্ম সোসাইটি (টিএমএফএস)। রাজবাড়ী সদরের রেলওয়ে হলে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত একটি চলচ্চিত্রের শুটিং সেটে উদযাপন হয়েছে এ আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, অভিনেতা তানভীর হোসেন প্রবাল, তারেক মাসুদ ফিল্ম সোসাইটির সহসভাপতি লিয়াকত হিমু, সাধারণ সম্পাদক এইচএম মেহেদী হাসান, কোষাধ্যক্ষ শরীফ খানসহ জেলার সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন কর্মীরা।
চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘জন্মজয়ন্তীতে তারেক মাসুদকে আমরা বিশেষভাবে স্মরণ করছি। তার মতো সৃজনশীল নির্মাতাকে অকালেই হারিয়েছি। বেঁচে থাকলে আরো অনেক নান্দনিক ও শিল্পমাননির্ভর চলচ্চিত্র আমরা পেতাম। তিনি আমাদের মাঝে না থাকলেও তার কাজের মধ্য দিয়ে ঠিকই আছেন, থাকবেনও।’
এ আয়োজনে গাজী রাকায়েত বলেন, ‘তারেক মাসুদ ছিলেন বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। তার প্রতিটি কাজে তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তারেক মাসুদ ফিল্ম সোসাইটির প্রতি আমার আহ্বান থাকবে, তার দেখানো পথেই যেন তারা চলচ্চিত্র সংসদ আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। আমি সবসময় তাদের পাশে থেকে সহযোগিতা করতে রাজি।’
মুক্তির গান, মুক্তির কথা, আদম সুরত, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ের মতো চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তারেক মাসুদ বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন। প্রথম বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে অস্কারে গিয়েছিল ‘মাটির ময়না’।
তারেক মাসুদের জন্মজয়ন্তী উদযাপনকালে চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘তারেক মাসুদের জন্মদিন, আর আমাদের ‘যাপিত জীবন চলচ্চিত্রের শুটিং কাকতালীয়ভাবে একই দিনে পড়েছে। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। একসঙ্গে আমরা শর্টফিল্ম মুভমেন্ট করেছি। সে আমাকে একটা ক্যামেরাও দিয়েছিল। আমি খুবই আনন্দিত যে শুটিং সেটে বসে তারেক মাসুদের জন্মজয়ন্তী পালন করতে পারলাম।’
টিএমএফএসের সাধারণ সম্পাদক এইচএম মেহেদী হাসান বলেন, ‘তারেক মাসুদ আমাদের কাছে পূজনীয় ব্যক্তিত্ব। তাকে স্মরণ করা, তার আদর্শকে ছড়িয়ে দেয়া আমাদের নীতিগত অবস্থান। জন্মজয়ন্তীতে শুধু নয়, চলচ্চিত্র নিয়ে প্রতিটি আয়োজনেই আমরা তাকে বিশেষভাবে স্মরণ করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
এ আয়োজনে আলোচনা পর্বের সভাপতিত্ব করেন তােরক মাসুদ ফিল্ম সোসাইটির সহসভাপতি লিয়াকত হিমু। তিনি বলেন, ‘রাজবাড়ীতে তারেক মাসুদ ফিল্ম সোসাইটির এটি প্রথম আয়োজন। দেশের গুণী চলচ্চিত্র পরিচালক ও অভিনেতাদের অংশগ্রহণ আয়োজনকে সার্থক করেছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নির্মাতা তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরে ভাঙ্গায় জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।










