নিজের জন্মদিনে ভক্তদের জন্য উপহার নিয়ে এসেছেন আবুল হায়াত। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা, পরিচালক, নাট্যরচয়িতা নতুন নাটক নিয়ে আসছেন। আজ এ দেশবরেণ্য অভিনেতার জন্মদিন। জন্মদিনকে সামনে রেখে ভক্তদের জন্য তিনি রচনা করেছেন নাটক ‘শোধ’। মঞ্চনাটকটি ১০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন মঞ্চে মঞ্চস্থ হবে। সেদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ডমিনিক গোমেজের নির্দেশনায় নাটকটির প্রদর্শনী শুরু হবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাজনীন হাসান চুমকী, সোবহান বিপুল, কাজী আল আমীন, রিয়াজুল ইসলাম, তাহমিনা খাতুন। এ নাটক হবে স্টেজ ওয়ান ঢাকার দ্বাদশ প্রযোজনা।
আবুল হায়াত বলেন, ‘জন্মদিনে
আমার একটাই চাওয়া, আমি যেন আমার অসমাপ্ত কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন করে যেতে পারি। অভিনয়ের তুলনায় লেখালেখির দিকে মনোযোগটা বাড়াচ্ছি। যে কারণে নিজের জীবনী লেখার ওপরও মনোযোগ বেড়েছে। মাঝে সেটা কিছু সময়ের জন্য থেমে ছিল। শোধ নাটকটি আমার রচিত নতুন নাটক। যারা নাটকটি মঞ্চস্থ করছে তারা বেশ আগ্রহ নিয়েই করছে। নতুন ছেলেমেয়েদের জন্য শুভকামনা রইল।’
তার পরিবারের বিশেষভাবে জন্মদিন উদযাপনের তেমন কোনো পরিকল্পনা না থাকলেও আবুল হায়াত জানান, ৬ সেপ্টেম্বর রাতেই নাতনি শ্রীষার (নাতাশা হায়াতের বড় সন্তান) সঙ্গে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর শুরু করার কথা রয়েছে। জন্মদিনে দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে অনন্যা রুমা প্রযোজিত ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
তিনি বলেন, ‘জন্মদিনে
যথারীতি আমার বড় মেয়ে বিপাশা এবং তার পরিবারের সবাইকে খুব মিস করব। স্ত্রী শিরীন, সন্তান, নাতি-নাতনিদের নিয়ে যেন ভালো থাকতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।’
আবুল হায়াত সর্বশেষ চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘আনন্দধাম’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। সামনে আরিফ খানের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা রয়েছে বলেও জানান এ অভিনেতা।
১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ওপার বাংলার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৬৯ সালে ইডিপাস নাটকে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম তার টিভি পর্দায় অভিষেক ঘটে। বহু সিনেমা ও নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সবচেয়ে স্মরণীয় চরিত্রগুলোর একটি হুমায়ূন আহমেদ রচিত ‘মিসির আলী’।










