গতকাল সোমবার গাজী মাজহারুল আনোয়ারকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে।  বেলা ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধার পাশাপাশি তাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান।

গতকাল সকাল থেকেই গাজী মাজহারুল আনোয়ারকে সম্মান জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয় বিভিন্ন অঙ্গনের মানুষ। বিশেষত সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা শেষ দেখাটির জন্য এসেছিলেন। এর মধ্যে ছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, মনির খান, নকীব খান, শহীদুল্লাহ ফরায়জী, আসিফ ইকবাল, শেখ সাদী খান, মানাম আহমেদ, ইমন সাহা প্রমুখ। এছাড়া নায়ক উজ্জ্বলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাধারণ মানুষ, শ্রোতা ও দর্শকের কাছেও তিনি পরিচিত। সব মিলিয়ে গাজী মাজহারুল আনোয়ারের ভক্তসংখ্যা কম নয়। বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষও গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসে। 

শ্রদ্ধা জানাতে এসে আবেগাপ্লুত হন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘গাজী ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল অন্যরকম। তার লেখা হাজারও গানের মধ্যে ছয়-সাত হাজার গান আমি নিজেই গেয়েছি। আমাদের মধ্যে একটা টিম ওয়ার্ক ছিল। আমি তার জন্য আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ জায়গা কামনা করি।’

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে এফডিসির সংগঠনগুলো তাকে শ্রদ্ধা জানায়।

তার মেয়ে দিঠি আনোয়ার প্রবাসে থাকার কারণে শেষকৃত্যে বিলম্ব করা হয়েছে। এফডিসি থেকে তার মরদেহ নেয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা ও সবশেষে গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে গাজী মাজহারুল আনোয়ারকে বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত করা হয়।