না থামছেন কঙ্গনা, না শান্ত হচ্ছে পরিস্থিতি! বরং ক্রমেই জটিল হচ্ছে বলিউড এবং তাকে ঘিরে মুম্বাইয়ের পরিস্থিতি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের বিরুদ্ধে নেপোটিজম, পাকিস্তান কানেকশন, মাদক চক্রসহ নানা রকম অভিযোগ উঠছে। আর এ আক্রমণে এক কথায় নেতৃত্ব দিচ্ছেন বলিউডেরই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এ নিয়ে বলিউডের অনেক তারকার সঙ্গে তার ঝগড়া হয়েছে। সর্বশেষ কঙ্গনা গোলমালে জড়িয়েছেন মহারাষ্ট্রের শাসক দল শিব সেনার নেতা সঞ্জয় রাউতের সঙ্গে।
কঙ্গনা রানাওয়াত বনাম সঞ্জয় রাউত যুদ্ধ মোড় নিয়েছে রাজনৈতিক দিকে। এ লড়াই এবার যেন বিজেপি শাসিত কেন্দ্র সরকার বনাম শিব সেনা শাসিত মহারাষ্ট্রের মধ্যে। গতকাল কঙ্গনা রানাওয়াতের জন্য ‘ওয়াই-প্লাস’
স্তরের নিরাপত্তার ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন বলিউডের ‘কুইন’।
ঘটনার সূত্রপাত হয়েছিল কঙ্গনার একটি টুইট থেকে। যেখানে কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, তিনি মুম্বাই পুলিশের থেকে নিরাপত্তা চান না। হয় হিমাচল প্রদেশ, নয়তো কেন্দ্রীয় সরকারের নিরাপত্তায় মানালি থেকে মুম্বাই ফিরতে চান তিনি। এর পরই কঙ্গনার বিরুদ্ধে সরব হন শিব সেনা নেতা সঞ্জয় রাউত। সঞ্জয় তাকে মুম্বাইয়ে না ফেরার পরামর্শ দেন। পাল্টা জবাবে কঙ্গনা রানাওয়াত মুম্বাইকে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। এরই প্রতিবাদে সোস্যাল মিডিয়ায় অনেকে সরব হন। সঞ্জয় রাউতও একের পর এক মন্তব্য করতে থাকেন। কঙ্গনাও থামবার মানুষ নন। টুইটে ঘোষণা করেন, ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে প্রবেশ করবেন তিনি। কারও কিছু করার থাকলে যেন করে।
এমন পরিস্থিতিতেই সোমবার কঙ্গনার জন্য কেন্দ্রীয় সরকারের ‘ওয়াই-প্লাস’
ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করার খবর আসে। টুইটে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘এ ঘটনা প্রমাণ করে যে ফ্যাসিবাদী শক্তি আর কোনো দেশপ্রেমিকের কণ্ঠ রোধ করতে পারবে না। আমি অমিত শাহর প্রতি কৃতজ্ঞ। তিনি চাইলে আমাকে কিছুদিন পর মুম্বাই যাওয়ার পরামর্শ দিতে পারতেন, কিন্তু তিনি ভারতের কন্যার মান রাখলেন, তার স্বাভিমান ও আত্মসম্মান রক্ষা করলেন। জয় হিন্দ।’
‘ওয়াই-প্লাস’
স্তরের নিরাপত্তায় কঙ্গনার সঙ্গে থাকবে গানম্যান এবং ১১ জন সশস্ত্র পুলিশ সদস্য।
ওদিকে শিব সেনার এমএলএ প্রতাপ সারানিক কঙ্গনার গ্রেফতার দাবি করেছেন। তিনি বলেছেন, কঙ্গনা মুম্বাই ফিরলে তাকে স্থানীয় সাহসী নারীদের হাতে চড় খেতে হবে।
সূত্র: এনডিটিভি










