এটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’। গানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের স্মৃতির উদ্দেশ্যে। গানটি কানাই দাস বাউলেরই গাওয়া। সদ্য প্রয়াত এ শিল্পী বছর দেড়েক আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।
গানটির কথা লিখেছেন বাংলার লোকসংগীতধারার প্রখ্যাত সাধক শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী। বাউল দর্শনের গভীর আধ্যাত্মিক ভাবনা ও মানবিক প্রেমে ভরপুর গানটি দীর্ঘদিন ধরেই লোকসংগীতপ্রেমীদের কাছে পরিচিত। এবার চলচ্চিত্রের মাধ্যমে এটি নতুনভাবে উপস্থাপিত হলো।
পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের দৃষ্টিহীন বাউল সাধক কানাই দাস বাউল। তার কণ্ঠের গভীরতা, আবেগ ও আধ্যাত্মিক সংবেদন গানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। যদিও শিল্পী আজ বেঁচে নেই, তবু এ গান তার সুর ও অনুভূতির শেষ উপস্থিতি হিসেবে থেকে যাচ্ছে।
গানটির সংগীতায়োজন করেছেন বাংলাদেশের সংগীত পরিচালক ইমন চৌধুরী। তিনি দেশীয় লোকবাদ্যের সঙ্গে আধুনিক ওয়েস্টার্ন সাউন্ডের সংমিশ্রণে গানটিকে একটি সমকালীন রূপ দিয়েছেন। তার মতে, কাজটি ছিল আবেগ ও নান্দনিকতার এক বিশেষ অভিজ্ঞতা, যেখানে বাউল সংগীতের শিকড় এবং আধুনিকতার মধ্যে একটি সূক্ষ্ম সেতুবন্ধ তৈরির চেষ্টা করা হয়েছে।
পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘গানটি আমার বহু বছরের প্রিয়। কানাই দাস বাউলের কণ্ঠে গানটি শোনার একটি আলাদা অনুভূতি ছিল। দুঃখের বিষয়, তিনি সংস্করণটি শুনে যেতে পারেননি। তবে তার কণ্ঠ চলচ্চিত্রের মাধ্যমে বেঁচে থাকবে।’
এর আগে রইদের প্রথম গান ‘রইদ আইলা গা জুড়াইতে’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় গান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও আবেগঘন প্রতিক্রিয়া।









