লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ৭-১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এ উৎসব।
সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ১০টি চলচ্চিত্র। গতকাল প্রতিযোগিতা বিভাগের তালিকা প্রকাশ করেছে উৎসবটির আয়োজক ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই)।
এর আগে মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এর অফিশিয়াল বিভাগেও নির্বাচিত হয়ে শিরোনামে আসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
লন্ডন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ব্রাজিল, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান ও পোল্যান্ডের প্রতিনিধিত্ব করছে।
অবশ্য রুবাইয়াত হোসেন বাংলাদেশি নির্মাতা হলেও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি বহুদেশীয় প্রযোজনা। ফ্রান্স, বাংলাদেশ, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
নারীবাদী ‘বডি হরর’ ঘরানার এ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে জাইনিন নামের এক হবু কনেকে ঘিরে। নিজের স্বপ্নের বিয়ে নিয়ে সে ভীষণ উচ্ছ্বসিত। কিন্তু বিয়ের প্রস্তুতির সঙ্গে সঙ্গে সৌন্দর্যচর্চার নানা আচার, সামাজিক বিধিনিষেধ ও অলৌকিক শক্তির চাপে ক্রমেই হাঁপিয়ে ওঠে সে।
সমাজস্বীকৃত এসব সৌন্দর্যচর্চার বিরুদ্ধে তার অনীহা ও প্রতিরোধ ধীরে ধীরে শরীরেও প্রভাব ফেলতে শুরু করে। একপর্যায়ে জাইনিন তার শরীরে অদ্ভুত সব পরিবর্তন এবং নানা অমঙ্গলের আলামত দেখতে পায়। এরপর নিজের শরীর, সামাজিক প্রত্যাশা ও অজানা এক শক্তির সঙ্গে তার লড়াই শুরু হয়।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম। সঙ্গে আরো আছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।










