সদ্য অনুষ্ঠিত মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতার (পুরুষ) পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য এই সম্মাননা পান তিনি।
অভিষেকের এমন অর্জনে উচ্ছ্বসিত ও গর্বিত বাবা অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ছেলেকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি।... অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।
তিনি আরো লেখেন, দাদাজি যে পতাকা প্রতিষ্ঠা করেছে, তা তুমিই কঠোর পরিশ্রম ও বীরত্ব দিয়ে বহন করে নিয়ে গেছ। সময় লেগেছে, কিন্তু হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।
অভিষেককে সর্বশেষ দেখা গেছে মধুমিতা পরিচালিত 'কালিধর লাপাতা' সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন কালীধরের চরিত্রে, যিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তি এবং স্মৃতিশক্তি হারানোর সঙ্গে লড়াই করছেন। ছবিটি স্ট্রিমিং হচ্ছে জি ফাইভে। এতে আরো অভিনয় করেছেন দাইভিক ভাগেলা।
এদিকে অমিতাভ বচ্চন ব্যস্ত আছেন জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোরপতি' (কেবিসি) ১৭-এর সঞ্চালনায়। তাকে সর্বশেষ দেখা গেছে টিজে জ্ঞানভেল পরিচালিত 'ভেট্টাইয়াঁ' ছবিতে, যেখানে রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি ও মঞ্জু ওয়ারিয়রের মতো তারকারাও ছিলেন।










