হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইউম নির্মিত সিনেমাটি অংশ নিতে যাচ্ছে ২৮তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (কেআইএফএফ)। সিনেমাটি ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ বিভাগে মনোনীত হয়েছে। এ বিভাগের জুরি প্যানেলে রয়েছেন বিশিষ্ট বাংলাদেশী পরিচালক তানভীর মোকাম্মেল। এছাড়া ভারতের জনপ্রিয় নির্মাতা আর তারকাদের মধ্যে রয়েছেন মানো খলিল, ইলিয়ানা জাকোপলু, শালিনী ডোরে ও তন্নিষ্ঠা চ্যাটার্জি।
বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে মুহাম্মদ কাইউম বলেন, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ আমার প্রথম সিনেমা। ভারতের গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র উৎসবে আমি আমন্ত্রণ পেয়েছি এটা নিয়ে আমি আনন্দিত। সিনেমাটা আমার জন্য স্বপ্ন ছিল। আমরা সবাই মিলে এটার পেছনে অনেক শ্রম দিয়েছিলাম। ১৫ ডিসেম্বর আমি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছি।’
কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি মুহাম্মদ কাইউমের প্রথম নির্মিত সিনেমা। ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে এতে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর। এ সিনেমায় অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন
উজ্জ্বল কবির হিমু ও জয়িতা মহলানবিশ। গত ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছিল। নিখুঁতভাবে হাওরের মানুষের জীবনসংগ্রাম তুলে ধরার কারণে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে।
১৫ ডিসেম্বর শুরু হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের আসর শেষ হবে ২২ ডিসেম্বর। এবারের উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়েছে ১ হাজার ৭৮টি সিনেমা পাঠানো হয়েছিল ৫৭টি দেশ থেকে। এর মধ্যে ৪২ দেশের ১৮০টি সিনেমা প্রদর্শিত হবে।










