ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে রোজার ঈদের আলোচিত চার সিনেমা। বৃহস্পতিবার রাতে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ মুক্তি দেয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। চার সিনেমা নিয়ে চরকির এ আয়োজনের নাম দেয়া হয়েছে ‘বিরাট গরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন।
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক মেহেদী হাসান। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গত রোববার বিকেলে চরকি কার্যালয়ে ‘বরবাদ’ সিনেমা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন চরকির সিইও রেদওয়ান রনি ও সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার।
'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা কলকাতার ইধিকা পাল। এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।
সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২ ’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন তারিন জাহান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত, রওনক হাসান, সারাহ আলম, নিকিতা নন্দিনী শিম, মুন, বুশরা, শান, আরিয়ানসহ অনেকেই! সিনেমাটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।
গতানুগতিক ধারার বাইরে নির্মিত সিনেমা ‘দাগি’। সিনেমাটিও দেশ ও দেশের বাইরে ব্যাপক দর্শক সাড়া পেয়েছে। সিনেমায় আফরান নিশো ছাড়া আরো অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।
রোজার ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের কাঁদিয়েছে ‘জংলি’। পর্দায় জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের নিয়ে গেছে এক ইমোশনাল রোলারকোস্টারে। এ সিনেমাটিও ছিল বেশ আলোচনায়। এম রাহিম নির্মিত সিনেমাটিতে সিয়াম-বুবলী ছাড়াও শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রার্থনা ফারদীন দীঘি প্রমুখ অভিনয় করেছেন।









