আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে ট্রেলার আর ‘সাদা সাদা কালা কালা’
গান দিয়ে বাজিমাত করেছে সিনেমাটি। তার পরও গান ও ট্রেলারের হিট তকমা নিয়ে তৃপ্ত নন পরিচালক মেজবাউর রহমান সুমন। বরং প্রচারণার পালে হাওয়া লাগিয়েছেন তিনি। সে হাওয়ার টানেই সমুদ্র শুটিংয়ের গল্প শোনাতে নতুন ঢঙে প্রচারণায় নামছেন সুমনের দল। তার নেতৃত্বে এ দলে থাকছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ ছাড়াও সংগীতের ইমন চৌধুরী, এরফান মৃধা ও ব্যান্ড মেঘদল যাবে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে।
নির্মাতা সুমন জানান, আজ থেকে দেশের উল্লেখযোগ্য চারটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে টিম হাওয়া। যেখানে ক্যাম্পাসের শিক্ষার্থীর সঙ্গে গান ও গল্পে মাতবেন কলাকুশলীরা। শুরুটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ থেকে। আজ সন্ধ্যা ৭টায় সেখানে বসবে হাওয়ার আসর। এতে হাওয়া টিমের সঙ্গে উপস্থিত থাকবেন সুরকার ইমন চৌধুরী, কণ্ঠশিল্পী এরফান মৃধা শিবলু ও ব্যান্ড মেঘদল। আগামীকাল হাওয়া দল যাবে এআইইউবি ক্যাম্পাসে। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বসবে হাওয়ার আসর। এতে আগের শিল্পীকুশলীদের সঙ্গে যুক্ত হবেন তানযীর তুহীন। ২৫ জুলাই তারা যাবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে। বিকাল ৫টার এ আসরে উপস্থিত থাকবে একই টিম। এরপর ২৬ জুলাই একই সময়ে একই টিম যাবে নটরডেম ইউনিভার্সিটি ক্যাম্পাসে। হাওয়ার নির্মাণ সংস্থা ফেসকার্ড প্রডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। দেশ ছাড়াও বিদেশে ছবিটি মুক্তির প্রস্তুতি নেয়া হয়েছে। গভীর সমুদ্রে চিত্রায়িত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
নির্মাতা সুমন জানান, হাওয়া মূলত এ কালের রূপকথার গল্প। তবে যে রূপকথার গল্প সবাই শুনে আসছে, ঠিক তেমন না। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প। সমুদ্রপাড়ের নয়, গভীর সমুদ্রের গল্প নিয়ে নির্মিত হয়েছে।
পরিচালক বলেন, হাওয়ায় শুধু ৩ মিনিট মাটি দেখতে পাবেন দর্শক। ওইটুকু সময় ছাড়া ১৩০ মিনিটের বাকি ১২৭ মিনিট দর্শক সমুদ্রের ঢেউয়ে দুলবেন। আমরা একটা কোলাজ সিনের মধ্য দিয়ে গল্পটা শুরু করেছি। মূলত নৌকার ঘাট ছিল সেটা। এছাড়া পুরো গল্পটা একটা মাছ ধরার নৌকা নিয়ে। সম্পূর্ণ শুটিং করা হয়েছে গভীর সমুদ্রে।










