বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। এর পঞ্চম কিস্তি বড় পর্দায় মুক্তি পায় ৬ জুন। সিনেমাটি মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখায়। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই কমেডি মিনেমাটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি, যিনি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে। এর আগে ‘দোস্তানা’ সিনেমার জন্য প্রশংসিত হন তিনি। সিনেমাটি নিয়ে এরমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের হাসিতে ফেটে পড়া প্রেক্ষাগৃহে যেন ফিরে এসেছে সেই পুরনো বলিউডি ম্যাজিক। আর এ ম্যাজিকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অক্ষয় কুমার। যিনি আবারও প্রমাণ করলেন, তিনিই কমেডির রাজা। ‘হাউসফুল ৫’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে দিয়েছে অক্ষয়ের পূর্ববর্তী সিনেমাগুলোর ওপেনিং রেকর্ড।
স্যাকনিল্ক সূত্রে জানা যায়, হাউসফুল ৫ সিনেমাটি প্রথম দিন রাত ১০টা পর্যন্ত সব ভাষায় প্রায় ২৩ কোটি রুপি আয় করেছে। যেখানে এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘হাউসফুল ৪’ প্রথম দিনে ১৯.০৮ কোটি রুপি আয় করেছিল।
এদিকে অক্ষয় কুমারের ২০২৫-এর জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমা ‘স্কাই ফোর্স’ উদ্বোধনী দিনে ১১.৫০ কোটি রুপি আয় করে। সেখানে ‘হাউসফুল ৫’ প্রথম দিনে ২৩ কোটি রুপি আয় করে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার আয়কেই ছাপিয়ে গেছে। তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত এই সিনেমায় অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন- রীতেশ, অভিষেক , ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, রঞ্জিত, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া, সোনম বাজওয়াসহ আরও অনেকে।









