সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা তার প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। রাকেশ বসুর গল্প, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অদিতি’ ওয়েব ফিল্মে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন লোকেশনে এর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

প্রথমবার ওয়েবে অভিনয় প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘অদিতি মূলত একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম। যে ঘটনা কিছুদিন আগেই আমাদের সমাজে ঘটে গিয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাব একটি মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম, যে সংগ্রামটা মূলত অদিতিরই সংগ্রাম। তাকে ঘিরেই এ ওয়েব ফিল্মের গল্প এগিয়ে যায়। ফিল্মটিতে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আমার পছন্দের কয়েকজন সহশিল্পী ছিলেন এতে, সেই সঙ্গে পুরো ইউনিটের সবাই ছিলেন অনেক প্রাণবন্ত। অদিতি চরিত্রটি নিয়ে খুব সহজেই বলা যায়, বাংলার প্রতিটি ঘরেই রয়েছে একজন অদিতি। আমাদের খুব পরিচিত একটি চরিত্র এটি। সিনেমাটি যখন মুক্তি পাবে, দেখবেন খুব স্বাভাবিকভাবেই এ চরিত্র আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। আমরা দেখব, এটা তো আমিও করেছিলাম, আমিও সেক্রিফাইস করেছিলাম। অদিতি আসলে আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। বেশ যত্ন করেই রাকেশ ফিল্মটি নির্মাণ করার চেষ্টা করেছেন।’ 

এছাড়া সম্প্রতি সাবা অভিনয় করেছেন অরুনা বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’-এ। এটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হয়েছে। সোহানা সাবা অভিনীত এ সিনেমা এখন ছাড়পত্রের অপেক্ষায় আছে। এর মধ্যে শেষ করেছেন আফজাল হোসেনের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনী নিয়ে লেখা আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মানিকের লাল কাঁকড়া। সোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। এরপর মডেলিং, নাটক ও সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। ২০০৪ সালে জনপ্রিয় অভিনেত্রী কবরী পরিচালিত সিনেমা ‘‌আয়না’ দিয়ে বড় পর্দায় পা রাখেন।