প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। বড় পর্দায় মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়ানো এই সিনেমাটি এবার দেখা যাবে অনলাইনে।

জানা গেছে, আগামী ৩১ জুলাই থেকে সিনেমাটি স্ট্রিমিং হবে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে। যদিও প্রাথমিকভাবে ২৪ জুলাই মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দুর্ঘটনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

সানী সানোয়ার পরিচালিত এ সিনেমাটির গল্পে উঠে এসেছে পরপর তিনজন নারীর ধর্ষণ ও খুনের ঘটনা। প্রতিটি হত্যাকাণ্ড ঘটেছে ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) পেরিয়ে যাওয়ার পর। এই নৃশংস অপরাধের রহস্য উদঘাটনে নামেন এক পুলিশ কর্মকর্তা— লিনা, যার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এটি তাঁর ক্যারিয়ারে প্রথমবার কোনো পুলিশ চরিত্রে অভিনয়।

এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন পূজা ক্রুজ, ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজসহ আরও অনেকে।