ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গুণী নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন। তার পরিচয় এটুকুতেই সীমাবদ্ধ নয়। তিনি গীতিকার ও চিত্রনাট্যকার এবং লেখক হিসেবেও দ্যুতি ছড়িয়েছেন। সমৃদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকে।
বরেণ্য এ চলচ্চিত্রকার ২০১৮ সালের ১৪ ডিসেম্বর পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ দিনে তাকে স্মরণ করে তার নিজ জন্মভূমি জামালপুরে এক শোক যাত্রার আয়োজন করা হয়েছে। আমজাদ হোসেন চর্চা কেন্দ্র, জামালপুরের উদীচী, খেলাঘরসহ মোট ৭৪টি সংগঠনের অংশগ্রহণে শোক যাত্রাটি সকাল ১০টায় জামালপুর বকুলতলা মোড়ে শুরু হয়ে শহরের পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে, যেখানে চিরনিদ্রায় শায়িত আমজাদ হোসেন। এ বরেণ্য চলচ্চিত্রকারের স্মরণে শোক র্যালিতে নেতৃত্ব দেবেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।
এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন বিভিন্ন সংগঠনের নেতারা ও জামালপুরের সর্বস্তরের মানুষ। বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে। জামালপুর ছাড়াও এ আয়োজন রাজধানীর শ্যামলীতেও থাকছে।
এছাড়া আমজাদ হোসেনের সারা জীবনের কর্মস্থল এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আমজাদ হোসেন স্মরণ সভা, মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে তার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্রকার আমজাদ হোসেন ১৯৬১ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্রজগতে ক্যারিয়ার শুরু করেন। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন এবং সিনেমা পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুন নিয়ে খেলা (১৯৬৭)। পরে নয়নমনি (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) চলচ্চিত্রের মাধ্যমে প্রশংসিত হন। এছাড়া সুন্দরী, জন্ম থেকে জ্বলছি ও কসাই চলচ্চিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। আমজাদ হোসেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ১২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ছয়বার বাচসাস পুরস্কার পেয়েছিলেন, পেয়েছেন সম্মানজনক একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারও। সাহিত্য রচনার জন্য দুবার অগ্রণী শিশুসাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার পেয়েছেন এ গুণী নির্মাতা।
আমজাদ হোসেনের দুই পুত্র সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান। তারা দুজনই পরিচালক ও চিত্রনাট্যকার।










