ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে চলচ্চিত্র ও টেলিভিশন দুই মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন খ্যাতনামা নির্মাতারা। বেভারলি হিলসে আয়োজিত এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সিনেমা বিভাগে সর্বোচ্চ সম্মান অর্জন করেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর পরিচালক পল থমাস অ্যান্ডারসন।
গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত আসরটি উপস্থাপনা করেন অস্কার ও এমি মনোনীত কৌতুক অভিনেতা কুমাইল নানজিয়ানি। এ আয়োজনকে অস্কার দৌড়ের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বাভাস হিসেবে ধরা হয়। কারণ ইতিহাস অনুযায়ী ডিজিএ অ্যাওয়ার্ড প্রায় সবসময়ই একাডেমি অ্যাওয়ার্ডে কে সেরা পরিচালক হবেন, তার ইঙ্গিত দিয়ে এসেছে।
পুরস্কার গ্রহণের বক্তব্যে অ্যান্ডারসন আবেগঘন কণ্ঠে শ্রদ্ধা জানান তার প্রয়াত সহকারী পরিচালক অ্যাডাম সোমনারকে। সোমনার ২০২৪ সালে মারা যান। অ্যান্ডারসন বলেন, ‘এ পুরস্কার শুধু আমার কাজের স্বীকৃতি নয়, এটি অ্যাডামের স্মৃতির প্রতিও এক গভীর সম্মান।’
চলতি মৌসুমে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সমালোচক ও বিভিন্ন গিল্ড পুরস্কার মিলিয়ে ৩৫টির বেশি সম্মান পেয়েছে। সিনেমাটি চারটি প্রধান সমালোচক সংস্থার পুরস্কার একসঙ্গে জিতে বিরল কৃতিত্ব গড়েছে, যা আগে মাত্র কয়েকটি সিনেমাই অর্জন করতে পেরেছিল।
টেলিভিশন বিভাগেও ছিল সমান উত্তেজনা। ড্রামা সিরিজ ‘দ্য পিট’-এর ‘৬: ০০ পিএম’ এপিসোডের জন্য পুরস্কার জেতেন পরিচালক আমান্ডা মার্সালিস। তিনি একই সিরিজের নির্বাহী প্রযোজক জন ওয়েলসকে পেছনে ফেলে এ সম্মান অর্জন করেন। কমেডি বিভাগে ‘দ্য স্টুডিও’ সিরিজের ‘দ্য ওনার’ এপিসোডের জন্য পুরস্কৃত হন সেথ রোজেন ও এভান গোল্ডবার্গ। পুরস্কার উৎসর্গ করতে গিয়ে গোল্ডবার্গ প্রয়াত অভিনেত্রী ক্যাথ রিন ও’হারাকে স্মরণ করে বলেন, ‘তিনি আমাদের শৈশবের আদর্শ ছিলেন। প্রতিভা আর মানবিকতার অনন্য উদাহরণ ক্যাথরিন ও’হারা।’
এ বছরের ডিজিএ মনোনয়ন তালিকা প্রতিনিধিত্বের দিক থেকেও ঐতিহাসিক। দ্বিতীয়বারের মতো শীর্ষ বিভাগে মনোনীতদের অধিকাংশই এসেছেন অনুপ্রতিনিধিত্বশীল কমিউনিটি থেকে, যা হলিউডে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির অগ্রগতির স্পষ্ট বার্তা দেয়।
সব মিলিয়ে এবারের ডিজিএ অ্যাওয়ার্ডস শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং অস্কার রেসের পূর্বাভাস ও দিকনির্দেশনা। পাশাপাশি এ আয়োজন সৃজনশীল উৎকর্ষ ও পরিবর্তনশীল হলিউডের প্রতিচ্ছবি হিসেবেও স্মরণীয় হয়ে থাকল।
সূত্র: ভ্যারাইটি









