উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকা। আজ ভারতীয় সংগীতের এ পুরোধা ব্যক্তিত্বের ১১তম প্রয়াণ দিবস। এই দিনে তাকে স্মরণ করছে শিল্পকলা একাডেমি।

ভূপেন হাজারিকাকে নিয়ে আলোচনা সভা ছাড়াও থাকবে বেশকিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি জানিয়েছে, জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় এ অনুষ্ঠান শুরু হবে। 

আয়োজনে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর ও ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এএসএম শামসুল আরেফিন।

আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনীষা হাজারিকা এবং ব্যতিক্রম মাসদোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া। আলোচনা পর্বের পর পরিবেশন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রয়াত কিংবদন্তি এ কণ্ঠশিল্পীর জন্ম ১৯২৬ সালে ভারতের আসামে। অসমীয়া চলচ্চিত্রে গান করার মধ্য দিয়ে গানের জীবন শুরু হয় তার। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষার গান তাকে ভারত ও বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা এনে দেয়। মানুষ মানুষের জন্যে, আজ জীবন খুঁজে পাবি, আমি এক যাযাবর, আমরা করব জয়ের মতো এমন অনেক গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০০৬ সালের বিবিসি বাংলার শ্রোতা জরিপে সর্বকালের সেরা ২০টি গানের একটি নির্বাচিত হয় ‘মানুষ মানুষের জন্য’ গানটি।