হলিউডের জগতে আবার ডুব দেয়ার জন্য প্রস্তুত হতে পারেন দর্শক। কেননা ক্লিফ বুথ ফিরছেন আবার। তবে এবার আর টারান্টিনো নয়, ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ফিরছেন তিনি। গতকাল সুপারবোল চলাকালীন মুক্তি পেল এর টিজার। নেটফ্লিক্স প্রযোজিত সিনেমাটির নাম দি অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিনেমার ক্লিফ বুথ চরিত্রকে ঘিরে সিনেমাটির গল্প আবর্তিত হবে।
খেলার প্রথম কোয়ার্টারের বিরতির সময় মুক্তি পাওয়া এ নতুন ক্লিপে আবারো ক্লিফ বুথ চরিত্রে দেখা যায় ব্র্যাড পিটকে। এ চরিত্রে অভিনয় করেই তিনি তার প্রথম অস্কার জিতেছিলেন।
টিজারে তার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমার খুব বেশি প্রতিভা নেই, কিন্তু একটা ভালো গল্পের পথে বাধা হয়ে দাঁড়াতে নেই—এটা আমি জানি।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কোয়েন্টিন টারান্টিনো এবং পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। সিনেমাটি পুরোপুরি ক্লিফ বুথ এবং তার অভিযানকে ঘিরেই তৈরি। তবে এবার লিওনার্দো ডিক্যাপ্রিওর রিক ডাল্টন চরিত্রটি আর থাকছে না। তার বদলে ব্র্যাড পিটের সঙ্গে পর্দা ভাগ করবেন এলিজাবেথ ডেবিকি।
টিজারের শুরুতেই ২০১৯ সালের মূল সিনেমার সঙ্গে যোগসূত্র দেখা যায়। এলিজাবেথ ডেবিকির অভিনীত এক চরিত্র ক্লিফকে জিজ্ঞাসা করে, ‘তুমি কি রিককে সেই হিপ্পি অনুপ্রবেশকারীদের দমন করতে সাহায্য করেছিলে?’ এর জবাবে পিটের চরিত্র বলে, ‘সে রকমই কিছু। আমার খুব বেশি প্রতিভা নেই, কিন্তু একটা ভালো গল্পের পথে বাধা হয়ে দাঁড়াতে নেই—এটা আমি জানি।’
টিজারের অন্য অংশে দেখা যায় চেন-স্মোকিং করতে থাকা ক্লিফকে, দুঃসাহসিক গাড়ি চালানোর স্টান্টসহ আরো নানা দৃশ্য। টিজারটি এখনো অনলাইনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এর বিভিন্ন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। সিনেমাটির মুক্তির তারিখ ও কাহিনীর বিস্তারিত এখনো জানানো হয়নি, যদিও রিপোর্ট অনুযায়ী চলতি বছরের শেষের দিকেই সিনেমাটি মুক্তি পেতে পারে।
ব্র্যাড পিট ও এলিজাবেথ ডেবিকি ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন ইয়াহিয়া আবদুল-মাতিন, কার্লা গুগিনো, টিমোথি অলিফ্যান্ট, স্কট কান, হোল্ট ম্যাককালানি ও পিটার ওয়েলার।
সূত্র ও ছবি: ভ্যারাইটি









