১৯৯৫
সালে দেওয়ান নজরুল পরিচালিত ‘বাংলার নায়ক’ সিনেমার
মধ্য দিয়ে রুপালি জগতে পা
রাখেন জনপ্রিয় চলচ্চিত্র নায়ক রিয়াজ আহমেদ। প্রথমে তিনি কয়েকটি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন, পরে ১৯৯৭ সালে ‘প্রাণের চেয়ে
প্রিয়’ সিনেমার
প্রধান অভিনেতা হিসেবে বড় পর্দায় ক্যারিয়ার
সূচনা করেন। সিনেমাটি সে সময়ে ব্যবসায়িক
সফলতা লাভ করেছিল, সেই সঙ্গে এ সিনেমার মধ্য
দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন রিয়াজ। আজ তার জন্মদিন।
রিয়াজের জন্মদিনে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, ‘সালমান শাহের অকাল প্রয়াণের পর যদি রিয়াজ চলচ্চিত্রে অভিনয় শুরু না করত, তাহলে হয়তো আমার সিনেমায় অভিনয়ই করা হতো না। কারণ রিয়াজকে আমার আব্বা-আম্মা চিনতেন, জানতেন। রিয়াজ চলচ্চিত্রে অভিনয় শুরু করার কারণেই আমি আমার আব্বা-আম্মাকে বলতে সাহস পেয়েছিলাম যে রিয়াজ শুরু করেছে, আমি করলে সমস্যা কী। তখন আর তাদের কোনো আপত্তি ছিল না। তাই আমার বলতে ভালো লাগে রিয়াজের জন্যই আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করতে সাহস পেয়েছি। আর চলচ্চিত্রে আসার আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয় ছিল। আমি, রিয়াজ ও শাকিল আমরা তিনজন একসঙ্গে অভিনয় শুরু করি। তিনজন ছিলাম সহযোদ্ধা। সে সময় আমাদের একসঙ্গে অনেক সময় কেটেছে। যাই হোক আজ তার জন্মদিন। এ দিনে তার জন্য শুভ কামনা এবং তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়ক রিয়াজ তার অভিনয় জীবনের ২৭ বছর পার করছেন। বিমান বাহিনীর চাকরি ছেড়ে রিয়াজ সিনেমায় তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এ তারকার একাধিক সিনেমা ব্যবসায়িক সফলতা পেয়েছে। ছোট পর্দায়ও অভিনয় করেছেন রিয়াজ। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজারে’ নাটকের মধ্য দিয়ে নাটকে প্রথম অভিনয় করেন তিনি। যদিও রিয়াজ এ নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তী সময়ে হুমায়ূন আহমেদের নির্দেশনায় ‘দুই দুয়ারী’ সিনেমায় অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রিয়াজ।










