এবার
প্রযোজকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। রুপালি পর্দায় নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন
তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’।
২০২১-২২ অর্থবছরে লাল
শাড়ি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন তিনি। এ সিনেমার চিত্রনাট্য
লেখা হয়েছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে। বর্তমানে সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ তারকা। সবকিছু
ঠিকঠাক থাকলে আগামী ১ নভেম্বর টাঙ্গাইলের
নির্দিষ্ট লোকেশনে পৌঁছবে লাল শাড়ির পুরো টিম এবং ২ নভেম্বর থেকে
লোকেশনে একটি গান দিয়ে সিনেমার শুভারম্ভ হবে, এমনটাই জানালেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ নভেম্বর লাল
শাড়ির ক্যামেরা ওপেন হচ্ছে। শুরু হচ্ছে আমার প্রযোজিত সরকারি অনুদানে সিনেমা লাল শাড়ি। প্রথমেই আমরা একটি গানের দৃশ্যায়ন দিয়ে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। এরপর পর্যায়ক্রমে বাকি বিষয়গুলো শুরু করা হবে। ইচ্ছে আছে একবারেই সিনেমার কাজ শেষ করে ঢাকায় ফেরার। বাকিটা প্রকৃতি ও আনুষঙ্গিক অন্যান্য
কিছুর ওপর নির্ভর করছে।’
লাল শাড়ি সিনেমাটি নিয়ে অপু বিশ্বাসী আরো বলেন, ‘আমার পুরো টিম আমাকে ভীষণ সহযোগিতা করছে। প্রতিদিনই, বলা যায় প্রতি মুহূর্তেই সবাই লাল শাড়ি নিয়ে আপডেট জানতে চাচ্ছেন। আমি ও আমার টিম পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। কোনো ভুলত্রুটির মাঝে থাকতে চাই না। যেহেতু ঢাকার বাইরে শুটিং, তাই কোনো প্রপসের জন্যও যেন আমাদের শুটিং আটকে না যায়, সে বিষয়েও খেয়াল রাখার চেষ্টা করছি। আশা করছি, ভালোভাবে শুটিং শুরু করতে পারব।’ লাল শাড়ি সিনেমার কাহিনী রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস, অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দোয়েলসহ আরো অনেকে। সিনেমাটি সরকারি অনুদানে ‘অপু-জয় প্রডাকশন’ প্রযোজিত। এ সিনেমায় সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।
গত মাসের শেষ দিকে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় লাল শাড়ির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহরত অনুষ্ঠানে অপু বলেন, ‘যেহেতু লাল শাড়ির শুরু থেকে আজ পর্যন্ত সবকিছুই আমার জানাশোনা, সে কারণে এ গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে আমিই অভিনয় করতে যাচ্ছি। লাল শাড়ির গল্পটা সুন্দর, যা দর্শককে মুগ্ধ করবে।’
সর্বশেষ অপু বিশ্বাস অভিনীত ‘ঈশা খাঁ’ সিনেমাটি মুক্তি পেয়েছে।










