সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ১৯ সেপ্টেম্বর। এবার দর্শকরা ২ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ ঘরে বসেই উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি বানিয়েছেন ইরানি পরিচালক মুর্তজা আতাশ জমজম। গল্পে দেখা যাবে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টস কর্মী তার স্ত্রীর দৈনন্দিন সংগ্রাম। সিনেমাতে উঠে এসেছে বঞ্চনা, টিকে থাকার লড়াই এবং মানবিকতার শক্তি। শুটিং হয়েছে বাস্তবধর্মী লোকেশনে, যেখানে ঝলমলে সাজসজ্জার পরিবর্তে ফুটে উঠেছে শহরের নিখাদ বাস্তবতা, যা গল্পটিকে দর্শকের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।

সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। এছাড়া উপস্থিত আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

এদিকে, জয়া অভিনীত আরেকটি সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ ১৯ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ দেখতে পাওয়া যাচ্ছে। হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দুই বোন রাহেলা ও সালেহা-র গল্পে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এছাড়া আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।