দীপিকা পাডুকোন বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী অভিনেত্রী। রোমান্টিক, ঐতিহাসিক ও সমসাময়িক—সব ধরনের চরিত্রে সাবলীল অভিনয় তার বিশেষত্ব।

তবে ক্যারিয়ার বিচারে ২০২৫ সাল দীপিকার জন্য ছিল খানিকটা নীরব। বছরজুড়ে মুক্তি পায়নি তার কোনো নতুন সিনেমা। অনেকেই ভাবতে শুরু করেন, বড় কোনো চমকের প্রস্তুতি নিতেই কি তার এমন বিরতি?

গেল বছরে দীপিকা পাড়ুকোন শিরোনামে আসেন বড় বাজেটের দুই সিনেমা সন্দীপ রেড্ডি ভাঙ্গার  ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮২৮ এডি’ -এর সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। দীপিকা নির্মাতাদের কাছে কিছু নির্দিষ্ট শর্ত রেখেছিলেন। এরমধ্যে কাজের সময় ৮ ঘণ্টা করা অন্যতম, যা প্রযোজকরা মানতে পারেননি। ন্যায্য দাবির পক্ষে দীপিকার এমন শক্ত অবস্থানকে তখন অনেকেই স্বাগত জানিয়েছিলেন।

২০২৬ সাল দীপিকার জন্য একটি বিশেষ বছর হতে চলেছে। কারণ চলতি বছর পাঁচটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দীপিকার। এবার জেনে নেয়া যাক, ২০২৬ সালে অভিনেত্রীর কোন কোন সিনেমা মুক্তি পেতে চলেছে।

কিং: শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সে কথা। সিনেমাটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। দীপিকা ও শাহরুখের পাশাপাশি কন্যা সুহানা খানকেও দেখা যাবে এই সিনেমাতে। সিনেমাটির মাধ্যমে সুহানারও অভিষেক হবে বলিউডে।

টাইগার ভার্সেস পাঠান: সালমান খান ও শাহরুখ খান অভিনীত এ সিনেমাও ২০২৬ সালে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। সিনেমাতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে। ‘পাঠান’ সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা। এবারো তাই হচ্ছে।

ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব: রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব’ সিনেমাতেও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে প্রধান চরিত্রে। অয়ন মুখোপাধ্যায় এরই মধ্যেই সিনেমার প্রথম পার্টে দীপিকার এক ঝলক দেখিয়ে দর্শকদের ইঙ্গিত দিয়েছেন যে দ্বিতীয় অংশে দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। সেখানে দীপিকার পাশাপাশি রণবীর সিংকেও প্রধান ভূমিকায় দেখা যেতে পারে। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

মহাবতার: ভিকি কৌশলের ‘মহাবতার’ সিনেমাটিও ২০২৬ সালে মুক্তি পাবে। সিনেমাতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে। যদিও নির্মাতারা এখনো তার ভূমিকা কী হবে তা প্রকাশ্যে আনেননি। তবে ভক্তরা ভিকি কৌশলের বিপরীতে দীপিকাকে দেখতে ভীষণ ভাবে আগ্রহী।

অ্যাটলির নতুন প্রজেক্ট: অ্যাটলি পরিচালিত একটি সিনেমা চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ইন্ডিয়া টুডে বরাদে ইন্ডিয়ান টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির ৬০ শতাংশ শুটিং এরই মধ্যেই সম্পন্ন হয়েছে। ভিজ্যুয়ালের জটিলতা ও ব্যাপক পোস্ট-প্রোডাকশন কাজের কারণে সিনেমাটিকে দুই ভাগে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করছেন নির্মাতারা। তবে এ বিষয়ে এখনো সিনেমা টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

২০২৫ সালে পর্দায় অনুপস্থিত থাকলেও দীপিকা পাডুকোন অভিনয় থেকে সরে যাননি, বরং নিজের শর্ত ও অগ্রাধিকার স্পষ্ট করেই এগিয়েছেন। সেই প্রস্তুতির ফলই দেখা যাবে ২০২৬ সালে। তাই ভক্তদের জন্য ২০২৬ সাল হতে চলেছে দীপিকার পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের বছর।