তার কণ্ঠে প্রকাশিত ‘সব চাওয়া তো হয় না পাওয়া’, ‘তোমার জানালায়’, ‘আমার অভিমান’ ও ‘রাত নিঝুম’ গানগুলো বেশ শ্রোতাপ্রিয়। তবে দীর্ঘদিন নতুন কোনো মৌলিক গানে পাওয়া যায়নি এ তারকাকে। শ্রোতাদের সে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন একটি মৌলিক গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘মন খারাপের এই দিনে’।
গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। গানটি প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘মন খারাপের এই দিনে গানটির কথা ও সুর যেদিন প্রথম শুনি, আমার মনে ধরে যায়। গানটি আগেই লেখা ও সুর করা ছিল, তাই অভি ভাইয়ের কাছে এটি গাইবার ইচ্ছে প্রকাশ করি। তবে এরই মাঝে আম্মা ইন্তেকাল করলেন। সবকিছু সামলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লেগেছে। সংসার, সন্তান ও আব্বুকেও সময় দিতে হয়। যে কারণে গানটি করতে কিছুটা দেরি হয়ে গেল। তবে এবার ইচ্ছে আছে গানটি বর্ষার মধ্যেই প্রকাশ করার। ইচ্ছে আছে টাঙ্গুয়ার হাওরে এর মিউজিক ভিডিও করার, যাতে গানের কথা ও সুরের সঙ্গে ভিডিওর সমন্বয়টা সুন্দর হয়। এখন শুধু ভয়েস দেবার অপেক্ষা।’
গীতিকার ও সুরকার অভি মঈনুদ্দীন বলেন, ‘২০২২ সালে গানটি নিয়ে ঈশিতার সঙ্গে প্রথম কথা হয়। এরপর কয়েকবার আলোচনা হলেও নানা কারণে তা চূড়ান্ত করা সম্ভব হয়নি। অবশেষে কিছুদিনের মধ্যে গানটিতে ঈশিতা ভয়েস দেবেন। আশা করি, ভয়েস দেয়ার পর পরই মিউজিক ভিডিও নির্মাণ শেষে একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এর আগে আমার প্রকাশিত গানগুলোর যে ঘরানা, এ গানও ঠিক একই ধাঁচের। গানের কথা এমন—“আমার মন খারাপের এই দিনে, শুধু তোমাকেই মনে পড়ে, তুমি বাড়িয়ে দাও দুটি হাত, আদরে জড়িয়ে রাখো এই আমাকে।’’ আমার বিশ্বাস, গানের কথা ও সুর শ্রোতা-দর্শককে মুগ্ধ করবে।’
সবকিছু ঠিক থাকলে চলতি বর্ষা মৌসুমেই শ্রোতারা ভাসবেন ঈশিতার এ নতুন গানের সুরে।










