স্ট্রিমিং জায়ান্টগুলোর মধ্যে নতুন রেকর্ড গড়ল নেটফ্লিক্স। প্ল্যাটফর্মটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিলিজ করেছে ১ হাজার ২৬ পর্বে বিভিন্ন অরিজিনাল কনটেন্ট। এর মাধ্যমে কোয়ান্টিটি ও কোয়ালিটির ভারসাম্য নিয়ে পুরোনো তর্ক নতুন করে সামনে এল। খবর ভ্যারাইটি।

নেটফ্লিক্স প্রতিদ্বন্দ্বী যেকোনো ওটিটির চেয়ে কমপক্ষে পাঁচগুণ কনটেন্ট মুক্তি দিয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরে।

অ্যামাজন প্রাইম ভিডিও ও হুলু যথাক্রমে ২২৩ ও ১৯৪ পর্বে বিভিন্ন অনুষ্ঠান রিলিজ করেছে এ প্রান্তিকে। ডিজনি প্লাসে এসেছে ১৪০ অরিজিনাল এপিসোড। তুলনামূলক নবীন প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স দর্শকদের সামনে আনে ১১৪ কিস্তির অনুষ্ঠান।

তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সে মোটি ১৫৯টি অরিজিনাল ও এক্সক্লুসিভ শো প্রিমিয়ার হয়েছে, যার মোট পর্ব সংখ্যা ১ হাজার ২৬। এর আগে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ১৪৩টি শো ৯০০ এর কাছাকাছি পর্বে মুক্তি পেয়ে সর্বোচ্চ রিলিজের রেকর্ড গড়েছিল।

সাম্প্রতিক এই মৌসুমে নেটফ্লিক্স বেশকিছু জনপ্রিয় শো উপহার দিয়েছে। এর মধ্যে রয়েছে দামের- মনস্টার: দ্য জেফ্রি দামের স্টোরি, দ্য স্যান্ডম্যান, কোবরা কাই, লক অ্যান্ড কি, হাউ টু বিল্ড আ সেক্স রুম ও স্ট্রেঞ্জার থিংস ফোর। সাম্প্রতিক মন্দার মাঝে এ সব শো নেটফ্লিক্সকে আবার ব্যাপক সাবস্ক্রাইবার দিয়েছে।