কথা ছিল চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ সিনেমাটি ১১ নভেম্বর মুক্তি পাবে। তবে একই দিনে আরো একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম ‘ভাঙন’। সিনেমাটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। দেশান্তর ও ভাঙন সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। একই দিনে দুটি সিনেমা মুক্তি নিয়ে মৌসুমীও কিছুটা চিন্তিত। আসন্ন সিনেমা দুটি নিয়ে মৌসুমী বলেন, ‘দেশান্তর মূলত মুক্তিযুদ্ধের আগের ও পরের ঘটনার বর্ণনার চিত্র। এ সিনেমায় একটি গতি আছে। সিনেমার গল্পটায় একটা প্রাণ আছে। যখন গল্পটা শুনেছি, তখনই পুরো সিনেমাটি চোখের সামনে ভেসে উঠেছিল। সুজন বেশ যত্ন নিয়ে কাজটি করেছে। আমারও ভীষণ ভালো লেগেছে কাজ করতে। আবার ভাঙন হলো ছিন্নমূল মানুষের দুঃখ-সুখের প্রতিচ্ছবি। এটাও একটি ব্যতিক্রমধর্মী গল্পের সিনেমা। দুটো সিনেমা নিয়েই আমার প্রত্যাশা দর্শকের ভালো লাগবে। এখন যেহেতু একই দিনে দুটি সিনেমার মুক্তি, তাই হল ভাগ হয়ে যাচ্ছে। একটি সিনেমা মুক্তি পেলে হল হয়তো বেশি পাওয়া যেত, দর্শকেরও সমাগমটা একটা সিনেমাকে কেন্দ্র করেই বেশি হতো। তার পরও এখন অপেক্ষা দুই সিনেমা মুক্তির এবং দর্শক প্রতিক্রিয়ার।’ 

সিনেমা দুটির মুক্তি উপলক্ষে হলে গিয়ে সিনেমা দেখতে যাবেন কিনা এ প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘অবশ্যই হলে গিয়ে নিজের অভিনীত সিনেমা দেখার ইচ্ছে রয়েছে। যদি এমন হয় যে কাছাকাছি সিনেমা হলে দুটি সিনেমা চলছে, তখন আসলে যাওয়া যেতে পারে। আর যদি তা না হয়, তাহলে সময় বের করা একটু কঠিন হয়ে যাবে। তার পরও চেষ্টা থাকবে সিনেমাগুলো হলে গিয়ে উপভোগ করার। দেশান্তর ও ভাঙন টিমের জন্য শুভকামনা রইল। এ দুই সিনেমায় আমার সহশিল্পী হিসেবে যারা আছেন, প্রত্যেকের জন্য শুভকামনা।’

কবি নির্মলেন্দু গুণের উপন্যাস দেশান্তর থেকে সরকারি অনুদানের দেশান্তর সিনেমাটি নির্মাণ করা হয়েছে। দেশান্তরে আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক, ইয়াশ রোহান, রোদেলা টাপুর প্রমুখ। অন্যদিকে এ সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরীসহ আরো অনেকে। মোহন গায়েনের বাঁশি নামের ছোটগল্প থেকে অনুপ্রাণিত এ সিনেমায় ফজলুর রহমান বাবু অভিনয় করছেন বংশীবাদকের চরিত্রে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমাটি।