পপ সংগীতের আইকন ব্রিটনি স্পিয়ার্স তার পুরো মিউজিক ক্যাটালগ বিক্রি করেছেন স্বাধীন প্রকাশনা সংস্থা প্রাইমারি ওয়েভ–এর কাছে। এই চুক্তির মাধ্যমে তার ক্যারিয়ারের অসংখ্য সুপারহিট গান এখন থেকে সংস্থাটির মালিকানায় থাকবে।

রোলিং স্টোনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বেবি ওয়ান মোর টাইম, সামটাইমস, উপস.. আই ডিড ইট অ্যাগেইনের মতো গানগুলোর অধিকার এখন প্রাইমারি ওয়েভের হাতে।

চুক্তিটি গত ৩০ ডিসেম্বর সই হয়েছে বলে টিএমজেড প্রথম খবরটি প্রকাশ করে। যদিও আনুষ্ঠানিকভাবে টাকার অঙ্ক জানানো হয়নি, সূত্রের দাবি—চুক্তির মূল্য প্রায় ২০০ মিলিয়ন ডলার, যা ২০২৩ সালে জাস্টিন বিবারের সংগীত ক্যাটালগ বিক্রির অঙ্কের সমান। বিবার তার গানগুলো হিপগনোসিস সংস ক্যাপিটালের কাছে বিক্রি করেছিলেন।

প্রাইমারি ওয়েভ ইতিমধ্যেই সংগীত দুনিয়ার বহু কিংবদন্তি শিল্পীর ক্যাটালগের মালিক। তাদের তালিকায় রয়েছেন:

বব মার্লে, স্টিভি নিক্স, স্মোকি রবিনসন, হুইটনি হিউস্টন, প্রিন্স, অলিভিয়া নিউটন-জন, রে চার্লস, অ্যারোসমিথ, ডেফ লেপার্ড, পল অ্যানকা, বয় জর্জসহ আরও অনেকে।

এছাড়াও সংস্থাটির একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট বিভাগ রয়েছে, যেখানে মেলিসা এথারিজ, সাইপ্রেস হিল, ফ্যান্টাসিয়া, প্লেইন হোয়াইট টি’স, স্কিড রো এবং এক্সট্রিমের মতো শিল্পীরা যুক্ত আছেন।

ব্রিটনি স্পিয়ার্স এখন সেই শিল্পীদের তালিকায় যুক্ত হলেন, যারা সাম্প্রতিক বছরগুলোতে তাদের সংগীত ক্যাটালগ বিক্রি করেছেন। এই তালিকায় রয়েছেন শাকিরা, ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান, কিস, নীল ইয়ং, র‍্যান্ডি নিউম্যানসহ আরও অনেকে।

সংগীত শিল্পে ক্যাটালগ বিক্রির এই প্রবণতা মূলত শিল্পীদের জন্য এককালীন বড় অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ তৈরি করছে, পাশাপাশি প্রকাশনা সংস্থাগুলোর জন্য দীর্ঘমেয়াদি আয়ের উৎস নিশ্চিত করছে।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য উত্থান-পতনের সাক্ষী ব্রিটনি স্পিয়ার্স আবারও আলোচনায়। তার সংগীত ভক্তদের হৃদয়ে চিরকাল অমলিন থাকলেও, এখন থেকে সেই গানগুলোর বাণিজ্যিক নিয়ন্ত্রণ থাকবে প্রাইমারি ওয়েভের হাতে। পপের রাজকুমারীর এই সিদ্ধান্ত সংগীত জগতে আরেকটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ডেডলাইন