অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহার ও এআই দিয়ে তৈরি অশ্লীল-বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।
আজ মঙ্গলবার শুনানিতে আদালত বলেন, ব্যক্তিত্ব অধিকার রক্ষায় ঐশ্বরিয়ার ছবি অনুমতি ছাড়া ব্যবহারে শিগগিরই নিষেধাজ্ঞা জারি করা হবে।
অভিনেত্রীর পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি জানান, বাণিজ্যিকভাবে ঐশ্বরিয়ার নাম-পরিচয়ের অপব্যবহার করা হচ্ছে। ভুয়া ওয়েবসাইটগুলো নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্মে তার ছবি ব্যবহার করছে। পাশাপাশি মগ, টি-শার্টসহ নানা পণ্যে অনুমতি ছাড়া তার নাম-ছবি ছাপানো হচ্ছে।
আইনজীবী আরো জানান, ‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে এক প্রতিষ্ঠান নথিতে মিথ্যাভাবে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান দেখিয়েছে। অথচ এর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই। এটি প্রতারণার শামিল।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, এআই দিয়ে তৈরি অশ্লীল ও বিকৃত ছবি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, যা ঐশ্বরিয়ার সম্মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
বিচারপতি তেজস ক্যারিয়ার বেঞ্চ এসব অভিযোগ শুনে এ ধরনের অপব্যবহার ঠেকাতে আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়ার ইঙ্গিত দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি।
গুগলের পক্ষের আইনজীবী মমতা রাণী আদালতে জানান, এসব কনটেন্ট সরাতে নির্দিষ্ট ইউআরএল দিতে হবে। আদালত এ বিষয়ে বলেন, বাদী চাইলে ইউআরএল জমা দিতে পারেন অথবা ব্লকিং অ্যান্ড স্ক্রিনিং ইনস্ট্রাকশনস (বিএসআই) প্রক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ নিতে পারেন।
(সূত্র: এনডিটিভি)









