আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আজ সন্ধ্যা ৬টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এ আয়োজন। এটি চলবে আগামী ৬ মে পর্যন্ত।

দক্ষিণ এশিয়ায় বৌদ্ধ শিল্পকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিরল। প্রতি বছরের মতো এবারো প্রদর্শনীর মূল লক্ষ্য বাংলার ঐতিহ্যবাহী শিল্পকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা এবং সমসাময়িক শিল্পভাষায় তার পুনর্নির্মাণ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে শ্রী বুদ্ধের জীবন, দর্শন ও মানবিক বাণীকে দেশীয় শিল্পরীতির মাধ্যমে গভীর সংবেদনশীলতায় তুলে ধরা হয়েছে।

এ বছরের প্রতিপাদ্য বৌদ্ধ ধর্মের তৃতীয় রত্ন ‘সংঘ’ বা পবিত্র সম্প্রদায়। মোট ৯১টি শিল্পকর্মে উঠে এসেছে আধ্যাত্মিক সহযাত্রা, করুণা, মানবিক অভিজ্ঞতার বিনিময় এবং সম্মিলিত জাগরণের ভাবনা। শিল্পীরা তাদের কাজে সম্প্রীতি, ধ্যান, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং বৈশ্বিক মানবিক সংযোগের নানা দিক ফুটিয়ে তুলেছেন।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের ৮০ জন শিল্পী। জলরঙ, গোয়াশ, টেম্পেরা, ভাস্কর্য, বাটিক, নকশিকাঁথা, সিরামিক ও ধাতুশিল্পসহ নানা মাধ্যমে তাদের সৃষ্টিকর্ম উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়া অংশ নিচ্ছে বুলবুল ললিতকলা একাডেমি ও চীনের ইউনান আর্ট ইউনিভার্সিটির শিল্পীরা।

প্রচলিত প্রদর্শনীর গণ্ডি পেরিয়ে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা আয়োজন। ধ্রুপদি ও লোকসংগীত পরিবেশনা, জলরঙ কর্মশালা, শিল্পীদের সঙ্গে গ্যালারি ভ্রমণ, বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা—সব মিলিয়ে দর্শকের জন্য তৈরি করা হয়েছে একটি বহুমাত্রিক অভিজ্ঞতা।

সমাপনী দিনে প্রথমবারের মতো ‘বেস্ট আর্টিস্টস অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে। এতে বিজয়ীদের জন্য আকর্ষণীয় অর্থ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে, যা শিল্পীদের সৃজনশীলতা ও অবদানের স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ এবং লার্নিং ডিজাইন স্টুডিওর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী শিল্প ও আধ্যাত্মিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে দর্শকের মধ্যে সহমর্মিতা, করুণা ও সামষ্টিক সম্প্রীতির মূল্যবোধ আরো গভীরভাবে জাগ্রত হবে।