মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত পালা ‘মহুয়া’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ হচ্ছে। শুক্রবার শুরু হয়েছে এর মঞ্চায়ন। ৪ নভেম্বর পর্যন্ত সন্ধ্যা ৭টায় নাটমণ্ডলে চলবে মহুয়া পালার মঞ্চায়ন। এ পালায় অভিনয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ নির্দেশনা দিয়েছেন অধ্যাপক রহমত আলী। স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অভিনয় করেছেন ‘মহুয়া’য়। এ নিয়ে নির্দেশক অধ্যাপক রহমত বলেন, ‘মহুয়া পালা প্রযোজনাটি গীত-নৃত্য-বাদ্য সহযোগে আমাদের দেশজ পরিবেশনা শৈলী অনুসৃত এক নব্য সৃষ্টিকর্ম। দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ গীতিকার একটি উল্লেখযোগ্য পালা মহুয়া। পালাটির সংগ্রাহক চন্দ্রকুমার দে, পূর্ণচন্দ্র ভট্টাচার্য ও ক্ষিতীশচন্দ্র মৌলিক। রচয়িতা হিসেবে দ্বিজ কানাইয়ের নাম পাওয়া যায়।’
এটি রোমান্টিক-ট্র্যাজেডি ঘরানার দৃশ্যকাব্য। মহুয়া পালায় অভিনয় করছেন আজরিনা শারমিন, অনন্যা দে, বর্ণালী ঘোষ বর্ণ, ফৌজিয়া আফরিন তিলু, জাহেদ আল ফুয়াদ, মারিয়া সুলতানা, মো. ফরহাদ হোসেন ফাহিম, মো. হাবিবুর রহমান কাঞ্চন, মো. মেজবাহুল ইসলাম জিম, মুনিরা মাহজাবিনসহ আরো অনেকে।
ময়মনসিংহে ১৬৫০ সালে রচনা হয় মহুয়া পালা। দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন। মৈমনসিংহ গীতিকায় মহুয়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ২৩ ভাষায় মুদ্রিত হয়। এ পালায় মোট ৭৮৯টি ছত্র আছে। দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন।










