বাংলাদেশের সিনেমা বর্তমানে বেশ ভালো সময় পার করছে। দর্শক হলমুখী হয়েছে। একটা সময়ে নির্মাতাদের অভিযোগ ছিল দর্শক হলে যায় না। অন্তত এ বছর এমন অভিযোগ নেই। বাংলাদেশের সিনেমার ইতিহাস ঘাঁটলে বেশকিছু কালজয়ী সিনেমার দেখা মেলে। সুদূর অতীতেও এমন কিছু সিনেমা নির্মাণ করা হয়েছে, যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হয়েছে। সে ধারায় নিজের জায়গা করে নিয়েছে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। এটি ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। বাংলায় এর নামকরণ হয় ‘গোর’ আর ইংরেজিতে ‘দ্য গ্রেভ’। ২০২০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ৯৪তম একাডেমি পুরস্কার বা অস্কারের সাধারণ বিভাগে প্রথম বাংলাদেশী সিনেমা হিসেবে জমা দেয়া হয়েছিল গোর।
একজন গোরখোদকের জীবনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। যারা কবর খনন করেন তাদের গ্রামে বলা হয় গোরখোদক। গ্রামের অতি সাধারণ একজন গোরখোদক এবং তার সঙ্গে যুক্ত কয়েকজন মানুষের জীবনযাত্রা এ সিনেমায় সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে গোরখোদকের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, মামুনুর রশীদ, দীপান্বিতা মার্টিন, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, ওমর ফারুক প্রমুখ।
গাজী রাকায়েতের চরিত্রটির নাম শিরজা মিয়া। যিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তি, যার জীবনে দুটি অধ্যায় রয়েছে। সিনেমার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিরজা মিয়ার পূর্বপুরুষরা কবর খোঁড়ার কাজ করতেন এবং তাদের জীবনের লক্ষ্য ছিল ১০০টি কবর খোঁড়া। তার পূর্বপুরুষদের বিশ্বাস ছিল কেউ যদি ১০০ কবর খনন করতে পারে, তাহলে সে বেহেশতে যেতে পারবে। তবে কেউই সে লক্ষ্য পূরণ করতে পারেনি। অন্যদিকে, যুবক বয়সে স্বাধীনচেতা শিরজা মিয়া এ পেশা থেকে বেরিয়ে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন। কাজের প্রয়োজনে শহরে কাজে যান। তার একমাত্র মেয়ে রাহেলার আবদার থাকে বাবা যেন শহর থেকে ফেরার সময়ে একটি পুতুল নিয়ে আসে আর প্রতিবারই তা আনতে ভুলে যান শিরজা মিয়া।
সিনেমায় দেখানো হয় শিরজা মিয়া শহর থেকে ফিরে আসেন মেয়ের জন্য একটি পুতুল নিয়ে, কিন্তু তিনি এসে দেখতে পান জলোচ্ছ্বাসে চরের সবাই মারা গিয়েছেন। কেউ জীবিত না থাকায় সবাইকে কবর দেন শিরজা মিয়া। তবে তিনি তার স্ত্রী ও মেয়ে রাহেলাকে কোথাও খুঁজে পান না। এ ঘটনার পর বদলে যায় তার জীবন। পূর্বপুরুষদের মতো তিনিও কবর খোঁড়ার কাজ শুরু করেন। তার লক্ষ্য হয়ে যায় ১০০টি কবর খোঁড়ার। কারণ তিনি তার পরিবারের সদস্যদের খুব ভালোবাসতেন। তাদের সঙ্গে দেখা করার উপায় হিসেবে তিনি এ কাজ করেন, যেন তিনিও বেহেশতে যেতে পারেন। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি সিনেমা এগিয়ে যায়। এ সিনেমায়ও তা দেখানো হয়েছে। ঘটনাগুলোকে কেন্দ্র করে চরিত্রগুলোর অনুভূতি আর এক্সপ্রেশন দর্শকের নজরে পড়বে সহজেই।
সিনেমার শুরুতে দেখানো হয় শিরজা মিয়া একটি মৃত্যুসংবাদ পেয়ে একটি বাড়িতে গিয়েছেন কবর খোঁড়ার জন্য। সেখানে গিয়ে জানান তিনি ৯৬টি কবর খুঁড়েছেন। ৯৭টি কবর খননের মধ্য দিয়ে তার জীবনের সঙ্গে জুড়ে যায় কয়েকজন মানুষ। তার রহস্যময় জীবন এবং সিনেমার অন্য চরিত্রদের জীবন বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে একটি রহস্য থাকে, যা গোরের অন্যতম আকর্ষণীয় অংশ।
সিনেমায় গাজী রাকায়েত ধর্ম ও অন্যান্য সামাজিক বিষয়ের ওপরে মানুষকে এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। মুজা চরিত্রটি সেখানে লক্ষণীয়। এক মুসলিম নারীর কাছে আশ্রিত মুজা। সে জানে না তার ধর্ম কী। দিনের অনেকটা সময় কাটায় জেলেপল্লীতে। মুজা চরিত্রের মাধ্যমে ভেদাভেদহীন মুক্তমনা সমাজের মানুষের চিত্র পর্দায় তুলে ধরেছেন আশিউল ইসলাম।
গোর সিনেমার অন্যতম গুরুত্বপূরণ চরিত্র রেহালা। শিরজা মেয়ে রাহেলাকে হারানোর পর রেহালার মধ্যে নিজের মেয়েকে খুঁজতে চেষ্টা করে। কিন্তু রেহালার মা শিরজাকে পছন্দ করে না। এখানে গ্রাম-বাংলার মানুষের ভয় ও অন্যান্য মনোভাব ফুটে উঠেছে। রেহালার মায়ের ভূমিকায় হানুফার চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন। মা-মেয়ের সম্পর্ক একজন গ্রামের সাধারণ দরিদ্র স্ত্রীর ভূমিকায় অনবদ্য কাজ করেছেন দীপান্বিতা।
সিনেমাটির অন্যতম বৈশিষ্ট্য এখানে অতি নাটকীয়তা চোখে পড়বে না। বরং ক্যামেরার কারসাজি মুগ্ধ করবে দর্শককে। প্রতিটি ফ্রেম আর আলোর খেলা এ সিনেমায় নিখুঁতভাবে দেখানো হয়েছে। সিনেমায় গল্প যেমন দরকারি, তেমনি দরকার গল্প প্রতিষ্ঠিত করতে ক্যামেরার হস্তক্ষেপ। আলোর সঙ্গে রঙের সম্পর্ক জড়িত। গোর সিনেমায় দিনের আলোর সঙ্গে স্বাভাবিকভাবেই আলো দেখানো হয়েছে। একইভাবে চাঁদের আলোয় রঙগুলো ছিল বাস্তব জীবনের মতোই। সব মিলিয়ে এ সিনেমা বিশ্লেষণ করলে মূল গল্পের আড়ালে একজন বাবার আকুলতা, জীবনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বাস্তব জীবনের কুটিলতা আর সরল ভালোবাসা খুব সাবলীলভাবেই দেখানো হয়েছে। ব্যবসায়িক সিনেমার বাইরে গিয়ে যারা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের মন জয় করার সব উপাদানই আছে গোর সিনেমায়।










