বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের শুভকামনা পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স'। শনিবার রাতে মুম্বাইয়ে সিনেমাটির ডিওপি অমিত রায়ের মাধ্যমে ‘বিগ বি’র সাক্ষাৎ পান প্রিন্স-এর পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতান।
সিনেমা প্রসঙ্গে জানতে চেয়ে অমিতাভ বচ্চন জানিয়েছেন আন্তরিক শুভকামনা। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। ডিসেম্বরের শুরুতে শুরু হবে শুটিং। এর আগে প্রি-প্রোডাকশনের কাজে পরিচালক ও প্রযোজক অবস্থান করছেন মুম্বাইয়ে।
সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের সুযোগ আসে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে লেখা হয়, 'সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। ভারতীয় চলচ্চিত্রের শাহেনশাহ ছবিটির জন্য তিনি আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি'।
অমিতাভ বচ্চনের সঙ্গে প্রিন্স-এর পরিচালক ও প্রযোজকের সেই ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে যায়। নেটিজেনরা মন্তব্যে লিখেছেন, ‘নিশ্চয়ই বড় কিছু আসছে— প্রিন্স হয়তো বদলে দেবে বাংলা সিনেমার প্রত্যাশা।’
মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘অমিতাভ বচ্চন স্যার তখন একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তার মধ্যেই অমিত দাদার সঙ্গে আমরা দেখা করতে যাই। তিনি জানতে পারেন, আমরা বাংলা সিনেমায় বড় কিছু করতে যাচ্ছি— তখন খুব খুশি হন। তিনি শাকিব ভাই সম্পর্কেও আগ্রহ দেখান, এমনকি আমাদের সঙ্গে বাংলায়ও কথা বলেন। তার মতো মহান শিল্পীর মূল্যবান সময় পাওয়া আমাদের জন্য সত্যিই গর্বের।’










