ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং সিনেমায় আর গাইবেন না। দেশটির প্রজাতন্ত্র দিবসে নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। মঙ্গলবার অরিজিৎ ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, `সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করছি না। এখানেই আমি ইতি টানছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা।‘

হঠাৎ এ ঘোষণায় অরজিতের ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও বিস্ময়। এ আকস্মিক সিদ্ধান্তে শুধু ভক্ত ও শ্রোতারাই নয়, ভারতের তারকা গায়করাও হতাশ হয়েছেন।

বর্ষীয়ান গায়ক কুমার শানু বলেন, ‘এ খবর শুনে আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি, কারণ তোমার (অরজিৎ এর) কণ্ঠ আর প্রতিভা একেবারেই অনন্য। আমি সবসময় তোমার কণ্ঠ ভালোবেসেছি এবং একজন মানুষ হিসেবে তোমাকে ভীষণ শ্রদ্ধা করি। এত অল্প বয়সে এমন ঘোষণা দেওয়ার সাহস দেখানোর জন্য আমি তোমাকে নিয়ে গর্বিত। ঈশ্বর তোমার মঙ্গল করুন, আর আমি জানি তুমি একজন বিশাল বৈশ্বিক তারকা।’

প্রখ্যাত সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই অরিজিৎ অসাধারণ কাজ করেছে। পুরস্কার, স্বীকৃতি, খ্যাতি, অর্থ, স্টেজে ওঠার পর দর্শকদের যে উন্মাদনা— সবকিছুরই সর্বোচ্চ শিখর সে দেখেছে। অবসর নিতে চাইলে সেটা তার নিজের সিদ্ধান্ত, কিন্তু সে কখনোই সঙ্গীত থেকে দূরে যেতে পারবে না। এটা তার পছন্দ, তবে তার কাজ মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে।’

ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সুরকার আমাল মালিক লেখেন, ‘এ খবর শুনে একেবারেই দিশেহারা হয়ে গেছি। বুঝে উঠতে পারছি না, তবে তোমার সিদ্ধান্তকে সম্মান করি। শুধু জেনে রেখো— আমি ছিলাম, আছি, আর সবসময়ই অরিজিৎ সিংয়ের ভক্ত থাকব।’

সূত্র : এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস