এ গ্রেডের অর্থ হলো সিনেমাটি যেকোনো বয়সের দর্শকই দেখতে পারবে। ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে দম প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পায়। গত সোমবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে দম।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এ সিনেমা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে ১০ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। গতকাল এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রকাশ হয় ট্রেলার। এরপর দর্শকের আগ্রহ আরো বেড়েছে।
ট্রেলার অনুষ্ঠানে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘একজন মানুষের মানসিক শক্তি কতটা দমদার হতে পারে, তা পর্দায় দেখা যাবে। নিশো, চঞ্চল ভাই থেকে শুরু করে প্রতিটি মানুষ সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছেন। নতুন জায়গায় কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। এ সিনেমা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো একটি সিনেমা দম। আশা করছি, এটি সবার ভালো লাগবে।’
প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা দম। লোকেশন নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। আশা করছি, সিনেমাটি নিরাশ করবে না।’

আফরান নিশো বলেন, ‘দম নিয়ে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই। কাজটি ভালো করতে গল্প নিয়ে অসংখ্যবার টিমের সঙ্গে বসেছি। মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না, এ সিনেমার জন্য যতটা করেছি৷ প্রতিটি মানুষ সিনেমাটির জন্য পরিশ্রম করেছে। দর্শক এটি দেখে ঠকবে না। এমন গল্প ও চরিত্র এর আগে করিনি। আমার ইচ্ছে আছে, ইন্ডাস্ট্রিকে গল্পনির্ভর কাজ দেয়ার। সে চেষ্টা করছি। নাটকে অনেক টাকা কামাতে পারতাম, কিন্তু সে জায়গা থেকে বেরিয়ে সিনেমা করতে এসেছি। আবারো বলতে চাই, দম কাউকে নিরাশ করবে না।’
পূজা বলেন, ‘আপনারা বলতে বাধ্য হবেন, এটি একটি দমদার সিনেমা। নূর, আমার স্বামীর (আফরান নিশো) কথা না বললেই না। একজন মানুষ কতটা সাপোর্টিভ হতে পারেন, তা ওনার সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না৷ উনি সেটে যেমন হাসিয়েছেন, তেমন কাজটা শিখিয়েও দিয়েছেন।’
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে দম সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।
কোনো দৃশ্য কর্তন ছাড়াই এটি সেন্সর সার্টিফিকেট পাওয়ায় স্বাভাবিকভাবেই নির্মাতা রেদওয়ান রনি উচ্ছ্বসিত। তিনি বলেন, ’সিনেমাটি সব বয়সী দর্শকের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। কারণ দম সিনেমায় উঠে আসবে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকের যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। আশা করছি, বড় পর্দায় সিনেমাটি দর্শককে নতুন অভিজ্ঞতা দেয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পের মধ্য দিয়ে নিয়ে যাবে।’
আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর অভিনীত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি. রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।










