জিকিউ বিশ্বের প্রথম সারির মেনজ ম্যাগাজিন। জিকিউ ইন্ডিয়া ম্যান অব দ্য ইয়ার ঘোষণা করেছে ১১ ডিসেম্বর। এ দিন হায়দরাবাদের তাজ ফালাকনুমা প্যালেস হোটেলে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। ম্যান অব দ্য ইয়ারের প্রধান আকর্ষণ থাকে লিডিং ম্যান খেতাব কার ভাগ্যে জুটছে, তা নিয়ে। এবার বাজিমাত করেছেন তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা আল্লু আর্জুন। অনুষ্ঠানে আল্লু ছিলেন সপরিবারে, এসেছিলেন তার ঘনিষ্ঠজনরাও। লিডিং ম্যান অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আল্লু বলেন, ‘জিকিউর প্রচ্ছদে আমার ছবি—এটা সবসময়ই বাকেট লিস্টে ছিল। আর জিকিউ ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড আমার জন্য বিশেষ সম্মানের। এটা আমি কখনো ভুলব না।’
দক্ষিণের ইন্ডাস্ট্রিতে আল্লুর জনপ্রিয়তা আগে থেকেই। গত বছর পুষ্পা: দ্য রাইজ সিনেমার সাফল্য আল্লুকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি এখন সর্বভারতীয় বড় তারকাদের তালিকায় প্রথম দিকে উঠে এসেছেন। অভিনয় দক্ষতা, স্টাইলিশ লুক আর নাচের প্রতিভা তাকে ভারতের সীমানা ছেড়ে দুনিয়ার অনেক দেশেই জনপ্রিয় করে তুলেছে।
আল্লু অর্জুনকে ম্যান অব দ্য ইয়ারের লিডিং ম্যান অ্যাওয়ার্ড দিয়ে জিকিউ উল্লেখ করেছে, ‘আল্লু অর্জুন ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেছেন প্রশংসিত হয়ে। তার পরও বলতে হয় পুষ্পা: দ্য রাইজে তার শক্তিশালী পারফরম্যান্স তাকে বৈশ্বিক চলচ্চিত্র দুনিয়ার কেন্দ্রে নিয়ে এসেছে। এ সিনেমার সাফল্য স্ট্রিমিং প্লাটফর্মে এখনো নতুন উচ্চতা ছুঁয়ে যাচ্ছে। ড্রামাটিক পারফরম্যান্স আর চমকে দেয়া নাচের ছন্দে এ অভিনেতা সফলভাবে সীমান্তকে অতিক্রম করে গিয়েছেন। সারা দুনিয়াই এখন তাকিয়ে দেখে।’
জিকিউ ইন্ডিয়া ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে বিভিন্ন বিভাগে জিতেছেন জনপ্রিয় ভারতীয় তারকাদের অনেকে। এদের মধ্যে আছেন এন্টারটেইনার অব দ্য ইয়ার: কার্তিক আরিয়ান, প্রোগ্রেসিভ পাওয়ারহাউজ: রাজকুমার রাও, ক্রিয়েটিভ ফোর্স: ভূমি পেড়নেকার, গ্লোবাল ফ্যাশন পার্সোনালিটি: দীপিকা পাডুকোন, অ্যাক্টর অব দ্য ইয়ার: রণবীর সিং।
সূত্র: জিকিউ ইন্ডিয়া










