ভারতের চলচ্চিত্র অঙ্গনে আইফা অ্যাওয়ার্ডের কদর আছে। শনিবার (৮ মার্চ) হয়ে গেল এর বিশেষ আসর। পুরস্কার দেয়া হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের সিনেমা ও সিরিজকে। জয়পুরে বসেছিল আসরটি। এবার আইফায় অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।
চলচ্চিত্র বিভাগে সেরা সিনেমা হয়েছে ইমতিয়াজ আলী পরিচালিত ‘অমর সিং চমকিলা’। ‘দো পাত্তি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী কৃতি শ্যানন। সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত ম্যাসি। সেক্টর থার্টি সিক্সে অভিনয় করে এ পুরস্কার পান তিনি। আর অমর সিং চমকিলার জন্য সেরা পরিচালক হলেন ইমতিয়াজ আলী।
অনেক সিনেমা নিয়েই গত বছর কথা হয়েছে। তার মধ্যে বার্লিন অন্যতম। এ সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতলেন অনুপ্রিয়া গোয়েঙ্কা। এদিকে সেক্টর থার্টি সিক্সে অভিনয় করে সেরা পার্শ অভিনেতার পুরস্তার পেয়েছেন দীপক দোব্রিয়াল। দো পাত্তির জন্য সেরা গল্পকার নির্বাচিত হলেন কণিকা ঢিলন।
একটা সময় পুরস্কার দেয়া হতো কেবল সিনেমার জন্য। এখন সেখানে যুক্ত হয়েছে সিরিজও। এবার সিরিজ থেকে সেরা হয়েছে ‘পঞ্চায়েত সিজন থ্রি’। এছাড়া বন্দিশ ব্যান্ডিটসের দ্বিতীয় সিজনে অভিনয় করে সেরা অভিনেত্রী শ্রেয়া চৌধুরী ও পঞ্চায়েতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন জিতেন্দ্র কুমার। একই সিরিজের জন্য সেরা পরিচালক হলেন দীপক কুমার মিশ্র।
আইফার গতকালের আয়োজনটি ওটিটির সিরিজ ও সিনেমার জন্য ছিল। এরপর গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট আজ অনুষ্ঠিত হতে চলেছে। আইকনিক সিনেমা শোলের ৫০ বছর এবার। সেটির জন্য আইফা বিশেষ আয়োজন করবে।
এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে, কারিনা কাপুর খানকে আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন তিনি।










