জান্নাতুল ফেরদৌস ঐশী দেশের জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন এক্সট্রিম’
আর দ্বিতীয় সিনেমা ‘রাত জাগা ফুল’
দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন এ তারকা। ব্যক্তিজীবন আর কর্মময় জীবন নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন ঐশী। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান শশী
সম্প্রতি আপনার মায়ের একটা অপারেশন হলো, এখন উনি কেমন আছেন?
আল্লাহর রহমতে আম্মু এখন আগের থেকে ভালো। আমরা আম্মুর স্টিচ নিয়ে চিন্তায় ছিলাম। এই প্রথম আম্মুর গায়ে কাটাছেঁড়া হলো, তাই মানসিকভাবে একটু দুর্বল হয়ে গিয়েছে। আমি জন্মের পর থেকে কখনো দেখিনি আমার বাবা-মা অসুস্থ। এই প্রথম দেখলাম, তাই আমার ওপর মানসিক চাপটা একটু বেশি যাচ্ছে।
জন্মদিন কেমন গেল?
আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে এবারের জন্মদিনটা ভালোভাবে হয়েছে। আল্লাহর রহমতে আম্মুর অপারেশনটা ভালোভাবে হয়েছে। এবার অন্যবারের মতো চিন্তামুক্তভাবে জন্মদিন না করলেও ভালোভাবেই দিনটা কেটেছে। কোনো পরিকল্পনা ছিল না এবার জন্মদিন নিয়ে। তবে আমার অফিশিয়াল একটা ফ্যান গ্রুপ আছে। আমার ফ্যানরা মিলে একটা গেট টুগেদারের প্ল্যান করে। ওখানে তাদের সঙ্গেই কেক কেটে দুপুরের খাওয়া-দাওয়া করেছি। এরপর বাসায় ফিরে আম্মুকে হসপিটালে নিয়ে গিয়েছি সন্ধ্যায়। হসপিটাল থেকে ফিরে আমার কাছের কিছু বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছি। আম্মু, বন্ধুবান্ধব আর ফ্যানদের নিয়েই এবারের জন্মদিন গেল।
এবার জন্মদিনে সেরা উপহার কী ছিল?
আমি বলব সব উপহারই সেরা। কারণ প্রত্যেকটা উপহারের সঙ্গেই তো অনেক ভালোবাসা থাকে। তাই আলাদা করে বলা যাবে না। আমার বোন আর আমার ক্লোজ ফ্রেন্ড আমাকে স্বর্ণের কানের দুল দিল। আমার ফ্যানরা তো আমাকে বাক্স ভরে গিফট দিয়েছে। এর মধ্যে আমার একজন ফ্যান আছে রুদ্র, ওর গিফটবক্স থেকে আমি কোনটা রেখে কোনটা বের করব এমন অবস্থা। ফ্যান গ্রুপের অন্যরাও আমাকে ভালোবেসে অনেক গিফট দিয়েছে। আমার কিছু ফ্রেন্ড আছে, তারাও গিফট দিল। এত উপহারের মাঝে কোনোটাই আলাদাভাবে স্পেশাল বলা যাবে না।
মুক্তির অপেক্ষায় থাকা তিনটি সিনেমা কবে প্রেক্ষাগৃহে আসছে?
মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। আগামী মাসে মুক্তির কথা রয়েছে এ সিনেমা। এছাড়া মুক্তির অপেক্ষায় ‘নূর’ ও ‘আদম’ সিনেমা দুটি। এগুলো কবে মুক্তি পাবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
বর্তমানে নতুন কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন কি?
আসলে দুটো প্রজেক্টের বিষয় মোটামুটি অলিখিতভাবে ফাইনাল হয়ে আছে। যেহেতু সাইনিং হয়নি, তাই এখনই বলতে পারছি না। সাইনিং হয়ে গেলে জানিয়ে দেব ইনশাআল্লাহ।
অনেক তারকাই এখন ওটিটিতে কাজ করছেন, আপনার পরিকল্পনা কী ওটিটি নিয়ে?
হ্যাঁ, অবশ্যই। ভালো কাজ হলে কেন নয়। এরই মধ্যে বেশকিছু অফার এসেছে। অনেক সময় এমন হয়েছে আমার ডেট ছিল না, আবার কিছু কাজে মনে হয়নি আমি চরিত্রটা করতে পারব। আশা করি, সামনে প্রপার টাইমিং, ক্যারেক্টার আর স্টোরি পেলে ওটিটিতে কাজ করতে পারি।
রুপালি জগতে আপনার অনুপ্রেরণা কে?
বলা যায়, আমি নিজেই অনুপ্রেরণা। কারণ কেউ আমাকে এটা নিয়ে বলেনি। আমার ইচ্ছে ছিল পর্দায় নিজেকে দেখার। ছোটবেলার ইচ্ছাই আমাকে এখানে নিয়ে এসেছে।
প্রথম সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা কেমন ছিল?
ক্যামেরা ফেস করা খুব কঠিন। আলহামদুলিল্লাহ যতটা কঠিন অন্যদের সঙ্গে হয়, তার থেকে আমার কিছুটা সহজ মনে হয়েছে। কারণ ক্যামেরার সামনে বেশির ভাগ সময় আমি নিজেকে বিশ্বাস করাতে চেষ্টা করে যাচ্ছিলাম, অবশেষে আমি ক্যামেরার সামনে। আমি সিনেমার শট দিতে যাচ্ছি ফিমেল লিড কাস্ট হিসেবে। আরেকটা কথা হচ্ছে, টিম ভালো থাকলে এক্সপেরিয়েন্স সবসময় ভালো হয়।
এখন কি প্রথম কাজের অভিজ্ঞতা থেকে কিছুটা পরিবর্তন খুঁজে পান?
ক্যামেরা ফেয়ারটা খুব স্বাভাবিকভাবেই এখন কমে গিয়েছে। এখনো আমার অনেক কিছু শেখা বাকি। একটা কাজ করার পর ওই অভিজ্ঞতা পরবর্তী কাজে ব্যবহার করতে পারছি। প্রথম দিকে দেখা যেত সেটের সব ঠিকমতো না থাকলে আমি ঠিকভাবে শট দিতে পারতাম না। তবে এখন এ বিষয়ের সঙ্গে মানিয়ে নিয়েছি। বলা যায়, আগে থেকে একটু এক্সপেরিয়েন্সড হতে শুরু করেছি, তবে এখনো পুরোপুরি আয়ত্তে আনতে পারিনি।
আপনার কাছে একজন আর্টিস্টের সাফল্যের ব্যাখ্যা কী?
এক কথায় বলি আত্মতৃপ্তি। হাজার মানুষ হাজার বাহবা দিল। ঘরে হাজারো পুরস্কার এল কিন্তু আমি যদি তৃপ্তি না পাই তাহলে লাভ কী। সব পুরস্কার না, তবে এমন অনেক পুরস্কার আছে যেটা লবিং করে পাওয়া যায়। এমন হলো যে লবিং করা পুরস্কার আমার ঘরে উঠল কিন্তু আমি জানি এগুলো আমার যোগ্যতায় অর্জন হয়নি। ওই প্রাপ্তি তো আত্মতৃপ্তি দেয় না। আমি এভাবে কিছু পাওয়াকে সফলতা হিসেবে দেখি না। সত্ভাবে কাজ করে, নিজের যোগ্যতায় নিজের পায়ের মাটি শক্ত করা দিন শেষে আত্মতৃপ্তি দেয়। একেই আমি সফলতা মনে করি।
কয়েক বছর গণমাধ্যমে কাজ করার পর বর্তমানে ক্যারিয়ার নিয়ে আপনার লক্ষ্য কী?
আমার সবচেয়ে বড় লক্ষ্য বাবা-মাকে ভালো রাখা। সবসময় আমাদের পরিকল্পনামতো সবকিছু হয় না, তাই এটা নিয়ে খুব বেশি ভাবি না। জীবন যখন যেখানে যেমন। যেখানেই থাকি না কেন সম্মানের সঙ্গে যেন থাকতে পারি এবং আমি যেন মানসিক শান্তিতে থাকি।










