ভিন্ন স্বাদের গল্পে, আলাদা মেজাজের চরিত্রে হাজির হয়ে এরই মধ্যে দর্শকের নজর কেড়েছেন। এবার ঈদে তিনি আসছেন এক আবেগঘন ও টানটান গল্পে; যেখানে প্রেম, প্রতিশোধ আর পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণ মিলেমিশে তৈরি হয়েছে নতুন নাটক ‘জখম’।

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত এ বিশেষ নাটকের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। সদ্য শেষ হয়েছে এর শুটিং। দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম শুভ। গল্পে তটিনী অভিনয় করেছেন রাইসা চরিত্রে। রাইসা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সাধাসিধে মেয়ে। স্বভাবে কিছুটা চাপা হওয়ায় সহজে কারো সঙ্গে মিশতে পারে না। নিজের ভেতরের অনুভূতিগুলোও সহজে প্রকাশ করে না সে। অন্যদিকে পার্থ, যার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, এক সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। তার পরিবারে মা-বাবা, ছোট ভাই-বোন সবাই বেশ প্রাণবন্ত ও মিশুক।

দুটি একেবারে ভিন্ন স্বভাব ও পরিবেশে বড় হওয়া মানুষের জীবন যখন এক সুতোয় গাঁথা হয়, তখনই শুরু হয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি আর অপ্রত্যাশিত ঘটনার ঘনঘটা। সম্পর্কের টানাপড়েন, ভালোবাসার টান, পারিবারিক বন্ধনের দায় সবকিছু মিলিয়ে গল্প এগোয় ভিন্ন মাত্রায়। প্রশ্ন উঠতে থাকে, কে কার প্রেমে সত্যিই জখম? সে জখম কি কেবল হৃদয়ের, নাকি আত্মমর্যাদারও?

জখমের গল্প প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘এটা মূলত প্রতিশোধের গল্প। যদিও গল্পের পুরোটায় থাকছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের চিত্র। এটা আসলে ছোট পর্দার নির্মাণ হলেও ক্যানভাসটা বেশ বড়।’

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নাটকটি কেবল প্রেমের গল্প নয়, এতে রয়েছে সামাজিক বাস্তবতার প্রতিফলনও। বিশেষ করে নিগ্রহ, সামাজিক চাপে সম্পর্কের পরিবর্তন এবং পারিবারিক মর্যাদা রক্ষার মানসিকতা গল্পটিকে দিয়েছে অন্য মাত্রা।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের রোজার ঈদে ২০টি বিশেষ নাটকের আয়োজন করেছে সিএমভি। জখম সে তালিকার অন্যতম নির্মাণ, যা মুক্তি পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদে।

নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইশরাত অতিথি প্রমুখ।