অ্যানোরা চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন শন বেকার। এই চলচ্চিত্রে একজন যৌনকর্মীর ভূমিকায় বাস্তবধর্মী অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জয় করেছেন মাইকি ম্যাডিসন।
পুরস্কার মৌসুমের শুরুতে তিনি হয়তো ছিলেন ডার্ক হর্স। তবে এবার ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর বিভাগে মনোনয়ন পাওয়া সবচেয়ে কম বয়সী অভিনেত্রী ম্যাডিসন অবশেষে ইতিহাস গড়লেন!
আজ (৩ মার্চ) ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই অ্যানোরার জয় জয়কারের সঙ্গে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জিতলেন মাইকি ম্যাডিসন।
কামব্যাক কুইন ডেমি মুর একের পর এক পুরস্কার জিতে এগিয়ে যাচ্ছিলেন। সেখানে ২৫ বছর বয়সী ম্যাডিসনের সাম্প্রতিক বাফটা জয় তাকে অস্কারের দৌড়ে শক্ত প্রতিযোগী করে তুলেছিল। কানে প্রিমিয়ার হওয়ার পর থেকেই তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। একজন যৌনকর্মীর ভূমিকায় তার বাস্তবধর্মী অভিনয় কানে পাম দ’র জয়ের পর থেকেই আলোচনায় ছিল।
এবার তিনি পেলেন চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান—অস্কার। বাফটায় জয়ের পর তিনি বলেছিলেন, বিজয়ীর কোনো বক্তব্য প্রস্তুত করেননি তিনি। তবে আশা করা যায়, এবার তিনি কিছু কথা বলার জন্য তৈরি করেই এনেছেন!

'অ্যানোরা'র পুরো দল নিয়ে মঞ্চে শন বেকার। ছবি: রয়টার্স
অন্যদিকে, অস্কারে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি পুরস্কার জিতলেন শন বেকার। সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করতে পুরো দল নিয়ে মঞ্চে এসে তিনি একাডেমিকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সত্যিকারের স্বাধীন চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ—স্বাধীন চলচ্চিত্র চিরজীবী হোক!
উপস্থাপক কোনান ও’ব্রায়েন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং বলেন, তিনি দারুণ উপভোগ করেছেন।
অ্যানোরা চলচ্চিত্রটি মোট পাঁচটি পুরস্কার জিতেছে—সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সম্পাদনা। অস্কারের এ রাতের সবচেয়ে বেশি পুরস্কার জয়ী সিনেমা এটি।










