হইহই কাণ্ড রইরই ব্যাপার! হ্যাঁ ভাই, বানিয়া শান্তার মাঠে ঐতিহ্যবাহী মেলা। মিস বিউটির ভেল্কি ‘দ্য বিউটি সার্কাস’!—প্রয়াত অভিনেতা হুমায়ূন সাধুর কণ্ঠে এমন আমন্ত্রণই শোনা গেল বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’-এর ট্রেলারে। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে এ সিনেমার ২ মিনিট ৮ সেকেন্ডের ট্রেলার। ট্রেলারজুড়ে দেখানো হয়েছে সার্কাসকন্যা বিউটির লড়াই ও টিকে থাকার গল্প। দেশের আবহমান সার্কাসশিল্প নিয়ে মাহমুদ দিদার বিউটি সার্কাস সিনেমাটি নির্মাণ করেছেন। ট্রেলারে এটা স্পষ্ট—চিরায়ত সার্কাসের দুর্ধর্ষ সব পারফরম্যান্স দেখতে পাবে দর্শক এ সিনেমার মাধ্যমে।

ট্রেলারের শুরুতে জয়ার কণ্ঠে শোনা যায়, ‘গল্পটা শুধু আমার না। এটা যদি সত্যিই কোনো গল্প হইত, অথবা ছোটবেলায় শোনা কোনো রূপকথা হইত, কতই না মজা হইত। আমি আজ আপনাদের সামনে ইতিহাসের সাক্ষ্য দিতে এসেছি। রক্তের ইতিহাসের সাক্ষ্য।’

২০১৪-১৫ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড় পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন জয়া আহসান। বিউটি সার্কাস দলের অধিপতি তিনি। সার্কাসের বিভিন্ন কঠিন সব পারফরম্যান্সে অংশ নিতে দেখা গিয়েছে জয়া আহসানকেও। যার ঝলক দেখা গেল ট্রেলারেও। ‘হয়ে যাও হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ভোর’—শারমিন সুলতানা সুমির কণ্ঠে গানটি দুই লাইন জুড়ে দেয়া হয়েছে ট্রেলারে। ট্রেলারের নানা ভূমিকায় দেখা দিলেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত ও হুমায়ূন সাধু। সবাই আলাদাভাবে প্রশংসা পাচ্ছে দর্শকের। বিউটি সার্কাস সিনেমার মধ্য দিয়ে পর্দায় শেষবার দেখা যাবে হুমায়ুন সাধুকে। ২০১৯ সালের অক্টোবরে পরপারে পারি দেন এ অভিনেতা।  তাই বাস্তবে না থেকেও বিউটি সার্কাসে দুনিয়ায়র ট্রেলারে ভিন্ন মায়াজাল তৈরি করেছেন এ তারকা।

গাজী রাকায়েত ও শতাব্দী ওয়াদুদকে ট্রেলারে খলনায়ক হিসেবে দেখা গেলেও সিনেমাটি মুক্তির পরই জানা যাবে এ নিয়ে।

নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘যতটুকু আয়োজন ও পরিকল্পনা নিয়ে চলচ্চিত্রটির যাত্রা করেছিলাম তার কিছুটা হয়তো ধরতে পেরেছি ফ্রেমে। সিনেমার পর্দায় দর্শকের জন্য উপভোগের যথেষ্ট রসদ আছে। নন্দিত জয়া আহসানসহ শিল্পী, কলাকুশলী, বন্ধু ও শুভার্থীদের অক্লান্ত শ্রম ও ভালোবাসায় নির্মাণ হয়েছে বিউটি সার্কাস। সবাইকে আমন্ত্রণ ২৩ সেপ্টেম্বর হলে এসে চলচ্চিত্রটি উপভোগ করার জন্য।’

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে দুই শতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে চিত্রায়ণ হয় বিউটি সার্কাস। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গান করেছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী ও অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান।

বর্তমানে বাংলা সিনেমার সুদিন বইছে। এর মাঝেই যেহেতু মুক্তি পেতে যাচ্ছে বিউটি সার্কাস তাই এ সিনেমা নিয়ে নির্মাতাদের প্রত্যাশা অনেক। মুক্তির আগেই দর্শক মহলে আলোচিত ও প্রসংশিত এ সিনেমাটি প্রেক্ষাগৃহে কি জাদু করে সেটাই এখন দেখার পালা।