ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন বিনোদন অঙ্গনের পরিচিত মুখেরা। এ প্রজন্মের শিল্পীরা যেমন আছেন, তেমনি আছেন সোনালী যুগের শিল্পীরাও। আজ ভোটকেন্দ্রে দেখা গেছে ঢালিউডের তিন কন্যাখ্যাত ববিতা, সুচন্দা ও চম্পাকে। তারা একসঙ্গে ভোট কেন্দ্রে গিয়েছিলেন। ভোটদান শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।
তরুণদের মধ্যে পারশা মাহজাবিনের ফেসবুক স্ট্যাটাস অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি ১৬ ঘণ্টার যাত্রা করে বগুড়া গিয়েছেন ভোট দিতে। তিনি লিখেছেন, ‘আমি প্রায় ১৬ ঘণ্টা দীর্ঘ যানজট অতিক্রম করে বগুড়ায় গিয়েছি শুধুমাত্র আমার ভোট প্রদান করার উদ্দেশ্যে। কারণ আমি বিশ্বাস করি, ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার।’
ভবিষ্যতের আশাবাদ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমি এমন এক সমাজ কল্পনা করি, যেখানে মানুষ হবে শিক্ষিত, সহনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ; মতভেদ থাকবে, কিন্তু বিভাজন নয়। শিল্প-সংস্কৃতি বিকশিত হবে স্বাধীনভাবে, ধর্মীয় বৈচিত্র্য থাকবে পারস্পরিক শ্রদ্ধায়, এবং মানুষ ও প্রাণী উভয়েই নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থানে বাঁচতে পারবে।’

ছবি: পারশা মাহজাবিনের ফেসবুক
এছাড়াও রাজধানীর একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন মাসুমা রহমান নাবিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আরো উন্নত বাংলাদেশের প্রত্যাশায় একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম।’
শরীয়তপুরে ভোট দিয়েছেন সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, ‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে।’










