সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে—পরিচালক হিসেবে। তার পরিচালিত প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘সাইলেন্স: অ্যা মিউজিক্যাল জার্নি’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার, ৭ নভেম্বর।

এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সিনেমাটির প্রদর্শনীর হল তালিকাও। জানা গেছে, ‘সাইলেন্স’ চলবে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায়। এ ছাড়া প্রদর্শিত হবে ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে।

গ্রামের এক বাউল পরিবারের মেয়ের সংগীতযাত্রা ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। গানের টানে গ্রাম থেকে শহরে আসা মেয়েটি নানা সংগ্রামের মধ্য দিয়ে পাড়ি দেয় জীবনের বাস্তবতা। শহরের আলো-ঝলমলে জগতে প্রবেশ করে সে। আর ক্রমে হারিয়ে ফেলে নিজের সহজ-সরল গানের সত্তা।

ইমন সাহা বলেন, ‘বাউল পরিবারে জন্ম নেয়া মেয়েটি ফোক সংগীতের মাধ্যমে নিজের জীবন শুরু করে। পরে বড় পরিসরে গাইতে গিয়ে শহরের জৌলুস ও জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে পড়ে। এভাবে সে হারিয়ে ফেলে নিজের অন্তরের সুর। সিনেমায় জাগতিক ও আধ্যাত্মিক জার্নির এক মেলবন্ধন দেখানো হয়েছে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরো অনেকে।