হামারীর কারণে অনেক খাতের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিও। ঘুরে দাঁড়ানোর জন্য দরকার ছিল হলভর্তি দর্শক, সেই সঙ্গে দর্শক টানার জন্য দারুণ কিছু সিনেমাও আর দরকার ছিল নন্দিত তারকা। বছরের শুরুতে বাপ্পি-অপু বিশ্বাস আশার আলো দেখিয়েছিলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে। তারপর এল ঈদ। শাকিব খান, সিয়াম আহমেদ, পূজা চেরি দর্শক টানলেন। ঈদের পরই আবার যেন মিইয়ে গেল সবকিছু। দর্শক হলবিমুখ। ঈদুল আজহায় সিনেমাসংশ্লিষ্টদের চিন্তার ভাঁজ ফেলে দিল একটা খবর। এবার ঈদে নেই শাকিব খানের সিনেমা। শাকিব খান ছাড়া ঈদ, দর্শক আসবে তো? এসবই যেন ভাবছিল সবাই।
আপাতত সে শঙ্কা দূর হয়েছে। দীর্ঘদিন পর টানা হাউজফুলের দেখা মিলছে এ দেশের সিনেমা হলে। রুপালি পর্দায় প্রাণ ফিরিয়ে আনা সিনেমার নাম পরাণ। রায়হান রাফির পরিচালনায় পরাণ নির্মিত হয়েছে দেশের একটি আলোচিত ঘটনাকে কেন্দ্র করে। ছবির প্রধান চরিত্রগুলোয় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান।
পরাণ যেমন প্রশংসিত হচ্ছে তেমনি আলোচনায় এনেছে বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম যেন পরাণ দিয়ে নতুন করে সৌরভ ছড়াচ্ছেন। সব জায়গা থেকে আসছে প্রশংসা। পরাণের সাফল্য নিয়ে মিম বণিক বার্তাকে বলেন, ‘মহামারীর ফলে লম্বা একটা গ্যাপ গেছে। দুই বছর খুবই মন খারাপ ছিল। আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। দুই বছর পর একটা সিনেমা এল এবং দর্শক সাদরে গ্রহণ করে নিল, নিঃসন্দেহে বিষয়টা ভালো লাগার।’
অনেকে মনে করছে, পরাণ মিমের ক্যারিয়ারটাই ঘুরিয়ে দেবে। মিম বললেন, ‘যে যেভাবে ভাবে। আমার শুধু ভালো লাগছে। আজকেও অনেকে ফোন দিয়ে অভিযোগ জানিয়েছেন টিকিট পাচ্ছেন না। আগে থেকে টিকিট কাটতে হচ্ছে সেটা জানেন না। এমন অভিযোগ শুনলে কেমন যেন লাগে। একবার মনে হয় আমি তো টিকিট কাউন্টারের কেউ না। আবার মনে হয়, তারা সিনেমা দেখতে যাচ্ছে এবং টিকিট না পেয়ে আহত মনে আমাকে অভিযোগ জানাচ্ছে, এটাও সিনেমার জন্য বড় প্রাপ্তি। বিষয়টা মজা লাগে, আবার টিকিট না পেয়ে ফিরে যাওয়াদের জন্য মায়াও লাগে।’
পরাণ বরগুনার রিফাত হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। যেখানে রিফাতের স্ত্রী মিন্নি হত্যাকাণ্ডের দায়ে কারাভোগ করছেন। তার বিরুদ্ধে পরকীয়া ও স্বামী হত্যার মতো অপরাধ প্রমাণিত হয়েছে। এমন একটি চরিত্রে অভিনয় করতে যেকোনো অভিনেত্রী দশবার ভাববেন। মিম কীভাবে সে সাহস দেখালেন? বণিক বার্তাকে বললেন, ‘এখন চলচ্চিত্রের ভাষা পরিবর্তন হয়েছে। কেজিএফে আমরা যাকে হিরো দেখি তার চরিত্রটা কিন্তু নেতিবাচক। বিশ্বব্যাপী গল্প ও চরিত্রের গুরুত্ব বেড়েছে। এখন চেহারার গ্ল্যামারের চেয়ে চরিত্রের গ্ল্যামার আকর্ষণীয় হলে সিনেমা হিট করছে। আমার কাছে মনে হয়েছে এটা গল্পের হিরোইন। আর সেই চরিত্রটা আমার গল্পের ভিলেন। এটা খুবই ইন্টারেস্টিং। কাজ করতে গিয়ে আমি নিজেই পরিচালককে বলেছি, ভাইয়া এটা কী হচ্ছে? দর্শক তো আমাকে গালি দেবে। গালি দিয়েছেও। দর্শকের গালিই প্রমাণ করে পরাণে কাজের সিদ্ধান্তটা সঠিক ছিল।’
দর্শকের গালির বিষয়টা খোলাসা করে বলেন, ‘পরাণে আমার চরিত্রের নাম অনন্যা। দর্শক ওই অনন্যা চরিত্রকে গালি দিচ্ছে। আমি মনে করি এটাই একজন শিল্পীর সার্থকতা। তার মানে আমি অভিনয়ের মাধ্যমে এমনভাবে চরিত্রটাকে উপস্থাপন করেছি যে আমাকে তারা ঘৃণা করতে বাধ্য হচ্ছে। মানুষজন যদি এ চরিত্রটাকে ঘৃণা না করত তাহলে বুঝতাম আমার অভিনয় হয়নি। আমি তথাকথিত নায়িকা থেকে বের হয়ে অভিনেত্রী হতে চাই। আমি সেই চরিত্রটা করতে চাই যেটা কঠিন। যেটা কেউ কখনো করেনি।’
মিমকে অনন্যা হয়ে উঠতে সহ-অভিনেতা শরিফুল রাজ সহযোগিতা করেছেন জানিয়ে মিম বলেন, ‘রাজকে মানুষ সেভাবে চিনত না। এটা ছিল তার প্রথম বাণিজ্যিক সিনেমা। তার পরও রাজ যে অভিনয়টা করেছে সেটা অনেক পরিণত। আমি নিজেই বুঝিনি সে এত ভালো অভিনয় করবে। সহশিল্পী খুব ভালো হলে অভিনয়টা সহজ হয়ে যায়।’
দর্শক চাইলে রাজ-মিমকে জুটি হিসেবে দেখা যাবে বলে জানান মিম। যদিও দামাল নামে আরেকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। দামাল মুক্তি পাবে শিগগিরই।
ঈদে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও মাত করেছেন মিম। মনের মানুষ, কার্ণিশ, রিস্কি লাভ ও চেহারা শিরোনামের চারটি টেলিফিল্মে কাজ করেছেন মিম। সেগুলোও ছোট পর্দার দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। মিম অভিনীত দামাল ও অন্তর্জালসহ বেশকিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। পরাণের সাফল্য নতুন সিনেমাগুলোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করেন লাক্স-চ্যানেল আই সুন্দরী।










