হলিউডের আলোচিত সিনেমা দ্য ইন্টার্ন-এর স্বত্ব কিনে ২০২১ সালে হিন্দি রিমেকের ঘোষণা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তার প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরি হওয়ার কথা ছিল। নানা কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে শুরু হচ্ছে শুটিং।
২০১৫ সালে ন্যানসি মেয়ার্স পরিচালিত দ্য ইন্টার্ন-এ রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথাওয়ে অভিনয় করেছিলেন। হিন্দি রিমেকে নিরোর চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন। হ্যাথাওয়ের চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপিকার, তবে প্রায় চার বছর পর তিনি মত বদলেছেন। মিড-ডে জানিয়েছে, এবার তিনি শুধু প্রযোজকের ভূমিকায় থাকবেন এবং সৃজনশীল বিষয়গুলোও তত্ত্বাবধান করবেন। তার পরিবর্তে অন্য অভিনেত্রী খোঁজা হচ্ছে।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়ের চেয়ে প্রযোজনায় বেশি মনোযোগী হতে চাইছেন দীপিকা। আগামী বছর কা প্রোডাকশনস থেকে তিনি পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন, যেগুলো ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেবে বলে আশা করা হচ্ছে। দ্য ইন্টার্ন রিমেক সেই তালিকার প্রথম কাজ।
গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি দীপিকা। সন্দীপ রেড্ডি ভাঙার স্পিরিট সিনেমায় তার অভিনয়ের কথা থাকলেও কিছু শর্ত—যেমন আট ঘণ্টার বেশি শুটিং না করা, ২০ কোটি রুপি পারিশ্রমিকের পাশাপাশি ব্যবসার লভ্যাংশ দাবি, তেলুগু সংলাপ না বলার শর্ত—দেওয়ায় নির্মাতা তাকে বাদ দেন। বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়। এরপর তিনি যুক্ত হয়েছেন অ্যাটলির নতুন সিনেমাতে এবং শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায়ও দেখা যাবে তাকে।










