গানের জগত থেকে চলচ্চিত্র পরিচালনার দিকে পা বাড়াচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। ২০২৫ সালের শেষের দিকে ভারতীয় এ সংগীত শিল্পী পরিচালকের আসনে বসবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর ইন্ডিয়া টুডের।
অরিজিতের প্রথম পরিচালনাধীন সিনেমাটি হবে বড় বাজেটের সিনেমা। এটির প্রযোজনা করবেন প্রযোজক মহাবীর জৈন, যিনি বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ এবং শ্রী শ্রী রবিশঙ্করের জীবনীভিত্তিক বায়োপিক নির্মাণে ব্যস্ত রয়েছেন।
অনেক দিন ধরেই পরিচালক হওয়ার স্বপ্ন পুষে আসছেন অরিজিত। গোপনে একটি চিত্রনাট্য রচনা করেছিলেন তিনি, যা সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী এক মাসের মধ্যেই শুরু হবে সিনেমাটির কাস্টিং প্রক্রিয়া, যেখানে জাতীয় পর্যায়ের সুপরিচিত তারকাদের দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এখনো সিনেমাটিতে কোন অভিনেতারা অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি। গানের জগতের এই সফল ব্যক্তিত্বের নতুন এই যাত্রা চলচ্চিত্র প্রেমীদের জন্য অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।









