বলিউডের কিং খান শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ঢল। প্রতি বছর এই দিনটিতে হাজারো অনুরাগী অপেক্ষায় থাকেন বাদশাকে এক ঝলক দেখার জন্য। কিন্তু এবারের জন্মদিনে (২ নভেম্বর) সেই অপেক্ষা বিফলে গেল।

রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে বিকেল—তবুও দেখা মেলেনি শাহরুখের। শনিবার (১ নভেম্বর) রাত বারোটা থেকেই দেশ–বিদেশ থেকে ভক্তরা জড়ো হয়েছিলেন ‘মান্নাত’-এর সামনে। কিন্তু রোববার সন্ধ্যায় শাহরুখ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন, তিনি বাইরে আসবেন না।

শাহরুখ লিখেছেন,
‘প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারব না। যারা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছা জানাতেও পারব না। আমি গভীরভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। এত ভিড় নিয়ন্ত্রণ করা এবং নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তবে ভক্তদের প্রতি তার ভালোবাসা ছিল অপরিবর্তিত। তিনি আরো লেখেন,
‘আমাকে বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের দেখতে না পেরে আমিও ভীষণ কষ্ট পেয়েছি। আমি ভেবেছিলাম আজ আপনাদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেব। সত্যিই আপনাদের খুব ভালোবাসি।’