২০২১ সালের অস্কার অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করতে জুমে মিটিং করার কথা রয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের বোর্ড অব গভর্নরসের। এ মিটিংয়ের ঠিক আগে গতকাল হলিউড রিপোর্টার এক প্রতিবেদনে জানিয়েছে, অস্কার পেছানোর সিদ্ধান্ত আসতে পারে।

অস্কারের ৯৩তম আসরের অনুষ্ঠান ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনাভাইরসের মহামারী পুরো হলিউডকে এ মুহূর্তে বিপর্যস্ত করে ফেলেছে। অনেকগুলো বড় বাজেটের আলোচিত ছবির মুক্তি পিছিয়ে গেছে, সিনেমা হলগুলো বন্ধ। অন্যদিকে ছবির প্রডাকশন ও পোস্ট-প্রডাকশনও থেমে আছে। এ বছরের শেষভাগেও যেসব ছবি মুক্তির প্রস্তুতি চলছিল, সেগুলোর শেষ মুহূর্তের কাজ আটকে আছে। অন্যদিকে কান ও ভেনিস চলচ্চিত্র উৎসবগুলোও এ বছর করোনার কারণে বাধা পেয়েছে।

হলিউড রিপোর্টার তাদের প্রতিবেদনে জানিয়েছে, তাদের জানা তথ্যমতে একাডেমির ৫৪ জন গভর্নর অস্কার অনুষ্ঠানের তারিখ পেছাতে চান। এক্ষেত্রে তারা অন্তত দুই মাস পেছাতে চান। অন্যদিকে অস্কারের জন্য ছবি জমা দেয়ার সময়সীমা এ বছরের ৩১ ডিসেম্বর থেকে আরো বাড়াতে চান।

অন্যদিকে জল্পনা-কল্পনা চলছে আয়োজনের ফরম্যাট নিয়েও। অতিথিদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান হবে, নাকি ভার্চুয়াল সেটাও এখনো নিশ্চিত নয়। তবে গভর্নররা সরাসরি অনুষ্ঠানের পক্ষে। তারা মনে করছেন, আগামী বছরের শুরু নাগাদ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

অস্কার পেছানোর ঘটনা অবশ্য এর আগেও ঘটেছে। ১৯৩৮ সলে লস অ্যাঞ্জেলেসে বন্যার কারণে অস্কার অনুষ্ঠান পিছিয়েছিল। আবার ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডে এবং ১৯৮১ সালে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে হত্যাচেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে অস্কার আয়োজন পিছিয়ে গিয়েছিল।

 

সূত্র: হলিউড রিপোর্টার