নাটকটি এরই মধ্যে প্রকাশ হয়েছে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে নাটকটি। ৮১ বছর বয়সেও নিয়মিত অভিনয়, চিত্রনাট্য লেখা ও নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এ গুণী অভিনেতা।
এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচারের জন্য তিনি নির্মাণ করেছেন নতুন বিশেষ নাটক ‘ভালোবেসেছিলাম’। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত নিজেই।
নাটকটিতে পেয়ার উদ্দিন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান এবং চুমকি চরিত্রে রয়েছেন জাকিয়া বারী মম। গল্পে পেয়ার উদ্দিন একজন ইঞ্জিনিয়ার এবং চুমকি একজন আর্কিটেক্ট। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব থাকলেও তারা কখনো ভালোবাসার কথা প্রকাশ করে না।
রওনক হাসান বলেন, ‘আমি যখন প্রথম নাট্যদল নাগরিকের সঙ্গে যুক্ত হই, তখন হায়াত ভাই বলেছিলেন, একজন অভিনেতাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হয়। এর পর থেকে সেভাবেই ভাবতে শিখেছি, চেষ্টা করেছি একজন ভালো মানুষ হতে। হায়াত ভাই অসাধারণ একজন অভিনেতা। তার লেখা ও নির্দেশনায় কাজ করতে পারাটা অনেক বড় একটি বিষয়। তার সঙ্গে কাজ করাটা ভীষণ আনন্দের। তার লেখা চমৎকার সংলাপ আমাকে অভিভূত করে। নাটক নির্মাণের সময় তিনি ডিটেইল ধরে ধরে অভিনয় আদায় করে নেন, এতে প্রতিনিয়তই তার কাছ থেকে শিখি।’
অন্যদিকে জাকিয়া বারী মম মনে করেন, আবুল হায়াত বাংলা নাটকের এক অনন্য ব্যক্তিত্ব। তার মতে, দীর্ঘদিন বাবার চরিত্রে অভিনয় করেও তিনি নিজস্ব অভিনয়গুণে আলাদা অবস্থান তৈরি করেছেন। একজন শিল্পী হিসেবে তিনি যেমন, মানুষ হিসেবেও তিনি তেমনই অত্যন্ত অনুকরণীয়।










