জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ
এ দিনে প্রয়াত বাবার কথা বেশি মনে পড়ে বলে জানালেন বাংলা চলচ্চিত্রের এই মিষ্টিমুখ।
জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, জন্মদিন এলেই
আসলে আব্বুর কথা খুব বেশি মনে পড়ে। সত্যি বলতে কী আব্বু বেঁচে থাকালীন সময়ে আমার জীবনটাই
অন্যরকম ছিল। সবকিছুই আব্বুর নখদর্পনে ছিল-আমি কী করছি না করছি, কোথায় কী করবো না করবো,
কোনটা করলে ভালো হবে, কোনটা করা ঠিক হবে না- এমন অনেক কিছু। তাই জীবনের এই পর্যায়ে
এসে আব্বুকে বেশি মিস করি।
জন্মদিনে বিদেশে থাকা মাকে অনুভব করছেন বলেও জানান নায়িকা। মৌসুমী বলেন, এই জন্মদিনে আম্মুও পাশে নেই। সবকিছু মিলিয়ে যদিও নিজের ভেতর কষ্ট বা খারাপ লাগা আছে, কিন্তু আমার দুই সন্তান ফারদীন ও ফাইজাহর মুখ দেখে সেই কষ্ট ভুলে থাকি। ওরাই আমার সুখের পৃথিবী। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, শান্তি পাবো।
জন্মদিনের আয়োজন প্রসঙ্গে বলন, বিশেষ কোনো আয়োজন নেই। তবে জন্মদিনে রাজধানীর ধানমন্ডিতে একটি
ফটোশ্যুটে অংশ নেব। এরপর নিজের মতো করেই পরিবারের সঙ্গে সময় কাটাব। সবাই আমার জন্য,
আমার পরিবারের জন্য দোয়া করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
এবার জন্মদিনের পরের দিনই প্রেক্ষাগৃহে আসার
কথা ছিল মৌসুমী অভিনীত ‘ভাঙন’। তবে আপাতত সিনেমাটি মুক্তি না পেলেও এক সপ্তাহ পর আগামী ১১
নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে আশুতোষ সুজন পরিচালিত ও সরকারি অনুদানে নির্মিত ‘দেশান্তর’।
এই সিনেমায় মৌসুমীর সঙ্গে আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, ইয়াশ রোহানসহ আরো অনেকে।
মৌসুমী জানান, এ সিনেমার গল্প এবং অভিনীত
চরিত্র ভীষণ ভালো লেগেছে। তিনি নিজেও দেশান্তরের অপেক্ষায় আছেন।
এরই মধ্যে মৌসুমী শেষ করেছেন জাহিদ হোসেন
পরিচালিত ‘সোনার চর’ সিনেমার কাজ।
১৯৯০-এর দশকের শুরুতে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক
হয় মৌসুমীর। তার প্রথম সিনেমা ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’।
বিপরীতে ছিলেন সালমান শাহ।
শতাধিক সিনেমা এ নায়িকা তিনবার জাতীয় চলচ্চিত্র
পুরস্কার পেয়েছেন। স্বীকৃতি এনে দেয়া সিনেমাগুলো হলো মেঘলা আকাশ, তারকাটা ও দেবদাস।
এ ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন এই তারকা।
২০০৩ সালের কখনো ‘মেঘ কখনো বৃষ্টি’ পরিচালনার
মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও
রয়েছে।










