সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেয়ার সময় বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৭ এপ্রিল থেকে সে সময় বেড়েছে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকেরা এখন ২২ এপ্রিলের মধ্যে সিনেমার প্রস্তাব জমা দেয়ার সুযোগ পাবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আখতার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের প্রজ্ঞাপনের সব শর্তাবলী অপরিবর্তিত রেখে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ওই দিন বিকাল ৪টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

এর আগে ১৪টি শর্তসাপেক্ষে প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে প্রস্তাব আহ্বান করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।