ফের আলোচনায় কিংবদন্তি চিত্রকর ভ্যান গগ। তার নতুন একটি সেলফ-পোর্ট্রেট আবিষ্কৃত হয়েছে। স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারির (এনজিএস) বিশেষজ্ঞরা এটি আবিষ্কার করেন। গত শুক্রবার একটি প্রদর্শনীর আগে তারা গঘের ছবিগুলো স্ক্যান করছিলেন। ‘হেড অব পিজ্যান্ট ওম্যান’
নামক একটি ছবির এক্স-রে করতেই দেখা দেয় ভ্যান গগের আঁকা একটি আত্মপ্রতিকৃতি।
‘হেড অব পিজ্যন্ট ওম্যান’ ছবির পেছনে পিচবোর্ডের ভেতর আঠা দিয়ে গগের আত্মপ্রতিকৃতিটি লুকানো অবস্থায় ছিল। ছবিতে দেখা যাচ্ছে, দাড়িওয়ালা ভ্যান গগের গলায় একটি রুমাল-জাতীয় কাপড় আলতো করে বাঁধা এবং মাথায় টুপি। মুখের ডান পাশ স্পষ্ট না হলেও বাম দিক স্পষ্টভাবে দৃশ্যমান। ছবিটি অসম্পূর্ণ।
ছবিটি আবিষ্কার করে সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত। স্কটল্যান্ডের ন্যাশনাল গ্যালারির জ্যেষ্ঠ সংরক্ষক লেসলি স্টিভেনসন বলেন, ‘বিষয়টি বেশ রোমাঞ্চকর।’
আঠা ও কার্ডবোর্ডের নিচে ১০০ বছর পুরনো ছবিটি এতদিন লুকানো ছিল। ক্যাটালগ তৈরি করার সময় একটি নতুন ছবি পাওয়া যাবে এটি কেউ চিন্তা করেনি। স্টিভেনসন বলেন, ‘সুন্দর, শীলিত ছবিটির (হেড অব পিজ্যান্ট ওম্যান) ভেতর থেকে আমরা বেশি কিছু আশা করিনি।’
কিন্তু ডার্ক রুমে এক্স-রে করার পর লেসলি বুঝতে পারেন, তিনি আসলে ভ্যান গগের দিকে তাকিয়ে আছেন। তিনি বলে ওঠেন, ‘আমরা পিজ্যান্ট ওম্যানের বেশি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এক্স-রেতে দেখলাম ভ্যান গগের ছবি। তবে এখানে তিনি নিজের মুখে গাঢ় রঙ ব্যবহার করেছেন।’
জীবদ্দশায় আঁকা ছবিগুলো খুব বেশি সমাদর পাননি ভিনসেন্ট। জীবনের শেষ কয়েক বছর দারিদ্র্যে কাটে খ্যাতনামা এ শিল্পীর। ১৮৯০ সালের ২৯ জুলাই হতাশা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে না পেরে মাত্র ৩৭ বছর বয়সে আত্মঘাতী হন ভ্যান গগ। এক দশকে ভ্যান গগ দুই হাজারেরও বেশি ছবি এঁকেছিলেন। এগুলোর মধ্যে ৮৬০টি তৈলচিত্র। বেশির ভাগই জীবনের শেষ দুই বছরে আঁকা।
গগের মৃত্যুর প্রায় ১৫ বছর পর ‘হেড অব পিজ্যান্ট ওম্যান’
ছবিটি আমস্টারডামের স্টেডেলিজক মিউজিয়ামের একটি প্রদর্শনীর জন্য ধার হিসেবে দেয়া হয়। এরপর এ ছবি বেশ কয়েকবার হাত পাল্টে ১৯২৩ সালে ইভলিন সেন্ট ক্রোইক্স ফ্লেমিংয়ের সংগ্রহে আসে। উল্লেখ্য, ইভলিনের ছেলে ইয়ান ফ্লেমিং জেমস বন্ডের স্রষ্টা। ১৯৫১ সালে এডিনবরার বিশিষ্ট আইনজীবী আলেকজান্ডার মেটল্যান্ডের সংগ্রহে আসে এ ছবি। ১৯৬০ সালে তিনি এনজিএসকে এ ছবি দান করেন।
নেদারল্যান্ডসের দক্ষিণে নুয়েনেন শহরের স্থানীয় নারীর আদলেই ছবিটি এঁকেছিলেন ভ্যান গগ। ১৮৮৩-৮৫ সাল পর্যন্ত শিল্পী এ শহরে বাস করতেন। ডাচ হলেও তিনি জীবনের বড় একটা সময় ফ্রান্সে কাটিয়েছেন। ফরাসি ইম্প্রেশনিস্টদের কাজের সঙ্গে পরিচিত হতে প্যারিসে যান শিল্পী। আর সেই সময়েই তিনি এ আত্মপ্রতিকৃতি আঁকেন বলেও মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভ্যান গগের আত্মপ্রতিকৃতিটি উদ্ধার করা সম্ভব। তবে আঠা ও কার্ডবোর্ড সরিয়ে এ ছবি সংরক্ষণ করতে বেশ কাঠখড় পোড়াতে হবে। শিগগিরই এডিনবরার একটি প্রদর্শনীতে দর্শকরা ভ্যান গগের আত্মপ্রতিকৃতিটি প্রথমবারের মতো দেখতে পাবে।










