কলকাতায় আগামীকাল শুরু হতে যাচ্ছে ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। শনিবার বিকাল ৪টায় কলকাতার রবীন্দ্রসদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সম্মানিত অতিথি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিকস এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আরো উপস্থিত থাকবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।
উৎসবে ‘হাসিনা আ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।










